সামনেই কৌশিকী অমাবস্যা। কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে এই সময় ?

এবার কৌশিকী অমাবস্যা পড়েছে ভাদ্র মাসের ৫ তারিখ শুক্রবার, ইংরাজির ২২ অগাস্ট। সারাদিন উপবাসে থেকে সন্ধ্যা-রাত্রে মায়ের পুজো দিলে ভালো ফল লাভ সম্ভব। তবে জ্যোতিষশাস্ত্রে এবার বেশ কয়েকটি রাশির কপাল খুলতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহগুলি নির্দিষ্ট সময় মতো ঘর পরিবর্তন করে থাকে। তবে সব গ্রহের গতির সময় এবং অধিষ্ঠানের সময় কিন্তু এক নয়। যেমন শনি গ্রহ। আড়াই বছর অন্তর রাশির ঘর পরিবর্তন করে থাকে। আবার সবচেয়ে কম সময়ে ঘর পরিবর্তন করে চন্দ্র। মাত্র আড়াই দিন। সেই কারণে খুব দ্রুতই কোনও না কোনও গ্রহের সঙ্গে চন্দ্রের মিলন হয়ে থাকে। এবার মঙ্গল ও চন্দ্রের মহামিলন হতে চলেছে। শুধু তাই নয় তৈরি হতে চলেছে রাজযোগ। কৌশিকী অমাবস্যার ৬ দিনের মাথাতেই এই রাজযোগ তৈরি হতে চলেছে। এদিকে বুধ ৩০শে অগাস্ট সিংহতে প্রবেশ করতে চলেছেন। ইতিমধ্যেই বুধ ও শুক্র মিথুনে অবস্থানকালীন বৃহস্পতির সঙ্গে তৈরি করেছেন গজলক্ষ্মী-রাজযোগ। ২১ শে অগাস্ট কর্কটে প্রবেশ করে বুধের সঙ্গে শুক্র তৈরি করবেন লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। এদিকে রবি অগাস্টের শুরুতে কর্কটে থাকলেও ১৭ তারিখেই নিজের রাশি সিংহতে প্রবেশ করেছেন। কেতুর সঙ্গে সেখানে যোগ হচ্ছে রবি। কারণ কেতু সিংহতেই রয়েছেন।

ধনু রাশির জাতক বা জাতিকাদের সময় দারুণ। গজলক্ষ্মী রাজযোগের ফলে শিক্ষা-চাকরি বা ব্যবসায় প্রভুত উন্নতিলাভ করবে ধনু রাশির জাতক-জাতিকারা। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের কাছেই সময়টা বেশ শুভ।

মেষ রাশির জাতক-জাতিকারাও লাভবান হতে চলেছেন। শনির সাড়ে সাতির প্রথম পর্যায় চললেও কষ্ট বেশ কিছুটা লাঘব হতে চলেছে। নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

তুলা রাশির জাতক-জাতিকাদের কাছেও সময়টা বিশেষ শুভ হতে চলেছে। আর্থিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হবে। সুখ ও শান্তি বজায় থাকবে। সংসারে বৈভব ঝরে পড়বে। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ।

মকর রাশির জাতক-জাতিকারাও এই সময়ে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক ও সামাজিক উন্নতিলাভ, সমৃদ্ধি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। সংসারেও সুখ ও শান্তি বজায় থাকবে।