মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ গণ অভ্যূত্থানের জেরে প্রবল অশান্তি কাটিয়ে অবশেষে একটু একটু করে শান্তি ফিরেছে নেপালে। অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কারকি। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে ফোন করে কথোপকথন সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবার ফোনে কথা হল দুই দেশের রাষ্ট্রপ্রধানের। প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার সকালে সুশীলা কারকির সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডলে সেই অভিজ্ঞতার কথা লিখেছেন মোদী। মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে ফোনে কথা হয়েছে। নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাঁকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা নেপালের পাশে থাকবে ভারত, সে কথাও জানিয়েছি তাঁকে।’

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা সহ একাধিক কারণে সেপ্টেম্বরের শুরুতে তরুণদের আন্দোলন ব্যাপক আকার নেয় নেপালে। পুলিশের সঙ্গে ছাত্রযুবদের সংঘর্ষে বহু বিক্ষোভকারীর মৃত্যু হয়। বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হয় নেপালের সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে। ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ৭২ বছর বয়সী সুশীলা কারকি।
শুক্রবার নেপালের জাতীয় দিবস। তার আগেই গণ অভ্যূত্থান, প্রধানমন্ত্রী পদে রদবদলের পর আবারও ছন্দে ফিরছে নেপাল। এই আবহে নেপালের নতুন প্রধানমন্ত্রী-সহ গোটা দেশের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
