গঙ্গাসাগরেই শ্রদ্ধার সঙ্গে পালিত হল একুশে জুলাই।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : মুষলধারার বৃষ্টির কারণে যাঁরা কলকাতার ধর্মতলায় পৌঁছাতে পারেননি, তাঁদের জন্য স্থানীয়ভাবেই শহিদ স্মরণের আয়োজন করা হল গঙ্গাসাগরের রুদ্রনগরে। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই এদিন রুদ্রনগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে এলাকার বহু তৃণমূল নেতা-নেত্রী ও কর্মী-সমর্থক দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে শহিদদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এ বছর একুশে জুলাই কলকাতার ধর্মতলার বিড়লা প্ল্যানেটোরিয়ামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মূল শহিদ দিবস পালিত হচ্ছে। সেখান থেকে শহিদদের স্মরণ করা হচ্ছ তৃণমূল সুপ্রিমো এবং কালীঘাট তৃণমূলের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তবে সাগরে মুষলধারে বৃষ্টি চলার কারণে বহু কর্মী ধর্মতলায় যেতে পারেননি। তাই বৃষ্টির প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে স্থানীয় রুদ্রনগরেই শহিদদের স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূল কর্মীরা।