সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-সহ নৌকা আটক, গ্রেফতার ৪।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবন উপকূলে যৌথ অভিযানে একটি সন্দেহভাজন ভারতীয় মাছ ধরার নৌকা আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দফতর। গত ২২ জুলাই মাঝসমুদ্রে অভিযান চালিয়ে নৌকাটিতে তল্লাশি চালানো হলে লুকিয়ে রাখা একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার হয়। ঘটনায় নৌকায় থাকা চার ভারতীয় ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোস্ট গার্ডের দাবি, সমুদ্রপথে অবৈধ পাচার ও নাশকতা রুখতেই এই অভিযান চালানো হয়েছে। ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চক্রের মূল পান্ডাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।