গণপিটুনি ও খুনের ঘটনায় ধৃত আরও ১

সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি ও খুনের ঘটনায় আরও এক গ্রেফতার, ধৃত লুৎফর শেখ ওরফে লুটো।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের সূর্যপুর এলাকায় ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে খুনের ঘটনায় তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম লুৎফর শেখ ওরফে লুটো (৪৬)। তার বাড়ি সূর্যপুর থানার অন্তর্গত ভাটপোতা গ্রামে, সূর্যপুর হাট এলাকায়।

বৃহস্পতিবার রাতে সূর্যপুর এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে খুনের ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত লুৎফর শেখের ভূমিকা সম্পর্কেও তদন্তকারীরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

শুক্রবার ধৃত লুৎফর শেখকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে তদন্তকারী দল। পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যে থাকা আরও তথ্য উঠে আসতে পারে।

গণপিটুনিতে মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনার পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।