রোগীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

“এমার্জেন্সিতে রোগী ভর্তি করলেও, ওয়ার্ডে ডাক্তার আসেন না”, করুণ দশা কৃষ্ণনগর জেলা হাসপাতালে ।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণনগর জেলা হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালে ঢোকার মুখেই শুনতে হলো আত্মীয় পরিজনদের মুখে বিভিন্ন অভিযোগ। তারা জানালেন হাসপাতালে পরিষেবা ভীষণই করুণ। এমার্জেন্সিতে ভর্তি করলেও ওয়ার্ডে ডাক্তার আসেন না। স্যালাইন শেষ হয়ে গেলেও নার্সরা স্যালাইনের বোতল পরিবর্তন করে দেয় না। হাসপাতালে দালাল চক্রে ভরে গেছে। সামান্য একটা ইনজেকশন দেওয়ার সিরিঞ্চ থেকে ব্যান্ডেজ সবই কিনে আনতে হচ্ছে বাইরে থেকে। রোগীর আত্মীয়-স্বজনদের এই ক্ষোভের মুখে পড়ে কোন রকমে সামাল দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি বলেন, বিগত ১৫ বছরে তৃণমূল সরকার কোন কাজই করেননি। আগের ৩৪ বছরে বাম জামানাতেও সেভাবে হাসপাতালগুলোর সংস্কার হয়নি যে কারণে এত সমস্যা হচ্ছে। মাত্র দুমাস হল বিজেপিকে আপনারা সরকারে এনেছেন আমরা চেষ্টা করছি, যাতে হাসপাতালগুলো আবার সঠিকভাবে কাজকর্ম করতে পারে। রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন, হাসপাতালের চারিদিকে নোংরায় ভরে গেছে, তার দুর্গন্ধ টেকা দেয়। এরপর সেসব কথা শুনে তিনি বিভিন্ন ওয়ার্ডে যান এবং হাসপাতাল সুপার এর সাথে আলোচনা করেন।