পথ নিরাপত্তায় সক্রিয় ছাত্রছাত্রীরাও

সোনারপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, সচেতনতায় ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সোনারপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে এবং লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির স্কুলের সহযোগিতায় একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।r

এর পাশাপাশি অডিও-ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম ও পথ নিরাপত্তা সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। পরে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল, রাস্তায় হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের স্কুলের ছাত্রছাত্রীদের হাত দিয়ে হেলমেট পরিয়ে নিরাপদে চলাচলের বার্তা দেওয়া। এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম), সোনারপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সুজয় ঘোষ, ওসি সুকান্ত পুরকাইত, এমডি গিয়াস উদ্দিন, সোনারপুর ট্রাফিক গার্ড ও বারুইপুর পুলিশ জেলার অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে ছোটদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।