বারুইপুর পুলিশ জেলা ও নরেন্দ্রপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর পুলিশ জেলা এবং নরেন্দ্রপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহ সফলভাবে সম্পন্ন হলো। গত ৩রা আগস্ট থেকে শুরু হওয়া এই সচেতনতা কর্মসূচি আজ, ৯ই আগস্ট সমাপ্ত হলো।
সোনারপুর উত্তর বিধানসভার কামালগাছি ফ্লাইওভারের (উড়ালপুল) নিচে এই সপ্তাহের শেষ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশীষ ধর, বারুইপুর পুলিশ জেলার এসপি (SP) অরবিন্দ কুমার আনন্দ, ডিএসপি (Traffic) সহ অন্যান্য বিশিষ্ট পুলিশ আধিকারিকরা।
সচেতনতামূলক কার্যক্রম:
হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট পরিয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে হেলমেট ছাড়া গাড়ি চালালে কঠোর জরিমানার নির্দেশ দেওয়া হয়।
পথ নিরাপত্তা সপ্তাহ চলাকালীন বিভিন্ন স্কুলছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও পথনাটিকার আয়োজন করা হয়।
অতিথিদের বক্তব্য
বিধায়ক দেবাশীষ ধর: তিনি জানান, প্রতি বছরই বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়। তবে বর্তমান সরকারের আমলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা বসানোর মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং প্রায় ৫,০০০ নতুন ক্যামেরা লাগানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া পুজোর আগেই ভাঙা রাস্তাঘাট মেরামত করা এবং ট্রাফিক পুলিশকে আরও আধুনিক সরঞ্জাম দিয়ে ঢেলে সাজানোর কথা তিনি উল্লেখ করেন।
এসপি অরবিন্দ কুমার আনন্দ: তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেবল প্রশাসনের সচেষ্ট থাকলেই হবে না, পথচলতি মানুষদেরও নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। দুর্ঘটনা কমাতে পুলিশ এবং সাধারণ মানুষকে যৌথভাবে সচেতন থাকতে হবে।বারুইপুর পুলিশ জেলা ও নরেন্দ্রপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ।