বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত সংসদ চত্বর

রামমন্দিরের দান-চুরি, ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি ‘নিগ্রহ’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রামমন্দিরের দান-দক্ষিণার টাকা ‘চুরি ও তছরুপ’ এবং ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ—এই দুই ইস্যুতে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল বিরোধীরা। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব ও ডিম্পল যাদব-সহ বিরোধী সাংসদেরা বিক্ষোভে অংশ নেন। প্রতীকী ভাবে ‘দানপাত্র’ হাতে নিয়েও প্রতিবাদ করতে দেখা যায় তাঁদের।

শ্রী রাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দেওয়া দান-দক্ষিণার টাকা নিয়ে অনিয়মের অভিযোগে সংসদে আলোচনার দাবি আগেই জানিয়েছে বিরোধী শিবির। পাশাপাশি, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও সরকারের কাছে জবাব চাওয়া হচ্ছে। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের অভিযোগ, দুই বিষয়েই সংসদে সরকারের বিবৃতি চাইলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘হাউসে এসে জবাব দিতে চাইছেন না’।

ঝাড়খণ্ডের সাম্প্রতিক ছাত্র আন্দোলন প্রসঙ্গে ডিম্পলের দাবি, আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, পুলিশের পেলেট গানে অন্তত ১০ জন পড়ুয়া আহত হয়েছেন। তাঁর কথায়, ‘‘পেলেট গান ব্যবহার করা হয়নি বলে সরকার আগে যে দাবি করেছিল, এই তথ্য তার সঙ্গে মেলে না।’’ তাঁর আরও অভিযোগ, শিশুদের বিরুদ্ধে এফআইআর করা হবে না বলে আশ্বাস দেওয়া হলেও পরে ১৫ বছরের এক কিশোরীর বিরুদ্ধে ‘জ়িরো এফআইআর’ করা হয়েছে। সেখানে তার বয়স ২৫ বছর দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

রামমন্দিরের দান নিয়ে অভিযোগকেও একই সঙ্গে সংসদে আলোচনার দাবি জানান ডিম্পল। তাঁর বক্তব্য, বিষয়টি শুধু আর্থিক অনিয়মের নয়, ভারতীয় সভ্যতা ও মানুষের বিশ্বাসের সঙ্গেও যুক্ত। তদন্তে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ১৮ জুলাই পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়। মন্দিরে দান করা নগদ টাকা গোনার কাজে যুক্ত আরও প্রায় ৩০ জন কর্মীকে তদন্তের আওতায় আনা হয়েছে বলেও খবর।

অন্য দিকে, ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র ও চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিধানসভা অভিযানের সময় ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করে বলে অভিযোগ বিরোধীদের।

ডিম্পলের কথায়, ‘‘পড়ুয়ারা বড় কোনও দাবি করছেন না। তাঁদের দাবিগুলি অন্তত শুনুক সরকার।’’ তাঁর দাবি, দেশের যুবসমাজ ও শিশুদের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। তাঁদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে।

রামমন্দিরের দান-দক্ষিণা নিয়ে অভিযোগ এবং ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ—দুই ইস্যুতেই বিরোধীদের লাগাতার বিক্ষোভে বাদল অধিবেশনে সংসদের অচলাবস্থা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।