‘আলোচনা চাইলে ২টোর মধ্যে স্পিকারকে চিঠি দিক বিরোধীরা’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : NEET-এর প্রশ্নফাঁস এবং তা ঘিরে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে চলতে থাকা অচলাবস্থার মধ্যে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে শাহ জানান, সরকার এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত। বিরোধীরা দুপুর ২টোর মধ্যে লোকসভার স্পিকারকে চিঠি দিলে বুধবার বিকেল ৩টে থেকেই আলোচনা শুরু করা যেতে পারে।
শাহের বক্তব্য, শুধু বিবৃতি দিয়ে এত গুরুত্বপূর্ণ বিষয় মেটানো সম্ভব নয়। সংসদের নিয়ম মেনেই বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তিনি নিজে আলোচনায় উপস্থিত থেকে বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান। তাঁর প্রস্তাব, বুধবার বিকেল ৩টে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টে পর্যন্ত আলোচনা চলুক। প্রয়োজনে প্রশ্নোত্তর পর্ব স্থগিত রাখার বিষয়েও স্পিকারের অনুমতি নেওয়া যেতে পারে বলে জানান তিনি।
শাহ বলেন, ‘‘সরকারের কিছুই লুকোনোর নেই। আমি নিজে সংসদে বসব, সকলের কথা শুনব এবং সব প্রশ্নের উত্তর দেব।’’ একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, তাঁরা সত্যিই আলোচনা চান, না কি শুধু সংসদ অচল করে রাখতে চান, তা এ বার দেশবাসীই ঠিক করুন।
বিরোধীদের সংসদে অনুপস্থিতি নিয়েও সরব হন শাহ। ‘নিখোঁজ’, ‘পালিয়ে গিয়েছেন’, ‘ফেরার’—এই ধরনের শব্দ এখন দেশের রাজনৈতিক পরিসরে শোনা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকে তিনি নিয়মিত সংসদে এসে নিজের দফতরে বসছেন। কিন্তু বিরোধীরা দুই কক্ষেই কাজ করতে দিচ্ছেন না।
NEET প্রশ্নফাঁস এবং আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার সরব বিরোধীরা। বুধবারই সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়ে ‘অমিত শাহ জবাব দাও’ স্লোগান তোলেন বিরোধী সাংসদেরা। তাঁদের অভিযোগ, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি জবাব দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ফলে NEET-কাণ্ডকে কেন্দ্র করে সরকার-বিরোধী সংঘাত আরও তীব্র হয়েছে। শাহের দেওয়া সময়সীমার মধ্যে বিরোধীরা স্পিকারকে চিঠি দেন কি না এবং সংসদে আদৌ দীর্ঘ প্রতীক্ষিত আলোচনা শুরু হয় কিনা সেটাই এখন দেখার।