‘কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে দু’দিন আগে’

অমিত শাহকে নিশানা গৌরব গগৈয়ের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বাদল অধিবেশনের শেষ লগ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁর অভিযোগ, অধিবেশনের প্রায় গোটা সময় সংসদে অনুপস্থিত থাকার পর শেষ হওয়ার দু’দিন আগে ‘কুম্ভকর্ণের মতো ঘুম’ ভেঙেছে স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রশ্ন তুলেছেন, আলোচনা যখন চলছিল, তখন অমিত শাহ কোথায় ছিলেন?

গগৈয়ের দাবি, গত ২০ জুলাই যন্তর মন্তরে ছাত্রদের কর্মসূচিতে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধীরা বার বার স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল। কিন্তু সেই সময় তিনি সংসদে এসে জবাব দেননি। গগৈ বলেন, ‘‘১৫ দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও দেখা নেই। অধিবেশন শেষ হওয়ার দু’দিন আগে কুম্ভকর্ণের মতো ঘুম ভেঙে বলছেন, আলোচনায় প্রস্তুত। যখন আসল আলোচনা চলছিল, তখন কোথায় ছিলেন?’’

কেন্দ্রের বিরুদ্ধে দায়িত্ব এড়ানোর অভিযোগও তুলেছেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চাইলেও সরকার বার বার আরও আলোচনার কথা বলে বিষয়টি এড়িয়ে গিয়েছে। এমনকি অধিবেশন শেষ হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ লোকসভায় এলেও স্পিকারের বক্তব্য না শুনেই সভা মুলতুবি হয়ে যায় বলে অভিযোগ তাঁর।

গগৈয়ের কটাক্ষ, ‘‘এই অধিবেশনে সরকারকে সব সময়েই পিছু হটতে দেখা গিয়েছে।’’ তাঁর আরও অভিযোগ, এই ধরনের আলোচনা এড়াতেই সরকার সংসদ থেকে দূরে থাকার চেষ্টা করেছে।

বুধবার অবশ্য অমিত শাহ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানান, NEET-সংক্রান্ত ছাত্র আন্দোলন এবং প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সংসদে ওঠা সব প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। তাঁর দাবি, পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ নিয়ে আলোচনা হলেও সেই সময় বিরোধী সাংসদরা NEET পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেননি। তবে সরকার ফের আলোচনায় প্রস্তুত বলেও জানান তিনি।

এরই মধ্যে বৃহস্পতিবার বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়। ‘বন্দে মাতরম’ পরিবেশনের পরই বিরোধীদের লাগাতার স্লোগান ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই অধিবেশন শেষ হয়ে যায়।