এসটিএফের জালে আল কায়দা অনুপ্রাণিত যুবক!

ভাঙড়ে বসে ভারত বিরোধী জিহাদি মডিউল তৈরির চেষ্টা! গ্রেফতার তৃণমূল নেতার মামা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দুনিয়ার ত্রাস হয়ে ওঠা জঙ্গি সংগঠন আল কায়দার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ভাঙড়ে বসে জেহাদি মডিউল তৈরির চেষ্টা চালানোর অভিযোগে ভাঙড়ের তৃণমূল যুব নেতার মামা জানাদুল বেগকে গ্রেফতার করল এস টি এফ। রবিবার গভীর রাতে এসটিএফ এর অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ভাঙড়ে হানা দিয়ে নিখুঁত অপারেশনে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তিনি আসানসোলের মসজিদ বাটির বাসিন্দা।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজমাধ্যমে দেশবিরোধী এবং সরকারবিরোধী প্রচার চালানোর কাজ করছিলেন যুবক।ভাঙড়ে বসে যুবক ছেলেদের নিয়ে একটি মডিউল তৈরির চেষ্টা চালাচ্ছিলেন। গোপন সূত্রে এই খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হানা দেন এসটিএফের আধিকারিকেরা। তাতেই আসে সাফল্য। ভাঙড় থেকে পাকড়াও করা হয় জানাদুল বেগকে।ধৃতকে সোমবার আলিপুর আদালতে হাজির করানো হবে।

তদন্তকারী দল সূত্রে খবর, অভিযুক্ত ‘মুঘলেজ়ম’ এবং ‘জেহাদ কি সবিবিল্লা’ নামে দু’টি সমাজমাধ্যমে পাতা খুলেছিলেন। ওই দুই সমাজমাধ্যম পাতার মাধ্যমেই দেশবিরোধী প্রচার চালাচ্ছিলেন বলে অভিযোগ।গোয়েন্দা সূত্রে খবর, তাঁরা অস্ত্র জোগাড়েরও চেষ্টা করছিলেন।

ভাঙড়ে বসে জেহাদি মডিউল তৈরির চেষ্টায় এসটিএফ-এর হাতে যে যুবক গ্রেফতার হয়েছেন। তিনি ভাঙড়-২ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাশেফুল করুব খান এর আত্মীয় তথা মামা বলে এলাকায় পরিচিত। গ্রেফতার হওয়া যুবক জানাদুল বেগ ভাঙড়ের পানাপুকুরে ভাড়া বাড়িতে দীর্ঘ কয়েকবছর ধরে ভাড়া বাড়িতে থাকতেন। এমনকি মাঝে খোদ তৃণমূল নেতা কাশেফুল করুব খানের বাড়িতে আস্তানা গেড়েছিলেন বলে স্হানীয় সুত্রে জানা গিয়েছে। তার বাড়িতে খাওয়া দাওয়া করতেন। অভিযুক্ত যুবক ঘরের বাইরে তেমন বার হতেন না এমনকি পাড়ার মানুষের সঙ্গে মেলামেশা ছিল না বলে জানা গিয়েছে। যদিও মাঝে মধ্যে তার ঘরে বহিরাগত যুবক ছেলেদের আনাগোনা ছিল বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে।