বিধানসভায় ডিএমকেকে হুঁশিয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাস্তা তৈরির কাজে অনিয়মের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা তামিলনাড়ু বিধানসভায়। শাসক দল তামিলগা ভেত্ত্রি কাজাগম (টিভিকে)-র বিধায়কদের সঙ্গে বিরোধী ডিএমকের সদস্যদের বাগ্যুদ্ধের মধ্যেই প্রাক্তন ডিএমকে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী বিজয়। তাঁর হুঁশিয়ারি, ‘‘উপযুক্ত সময়ে দুর্নীতির ফাইল প্রকাশ করব। এখনই তা করতে বাধ্য করবেন না।’’
বুধবার বিধানসভায় রাস্তা তৈরির কাজে কথিত অনিয়ম নিয়ে আলোচনা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শাসক ও বিরোধী দলের সদস্যেরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করতে থাকেন। সেই সময় আলোচনায় হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর টেবিলে দু’টি ‘ফাইল’ রয়েছে। উপযুক্ত সময়ে সেই নথি প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিজয়ের এই মন্তব্যকে ঘিরে বিধানসভায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ে। যদিও তিনি কোন দুর্নীতির অভিযোগের কথা বলছেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তাঁর বক্তব্যের পরেই ডিএমকের বিরুদ্ধে পুরনো সরকারের কাজকর্ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে মঙ্গলবারও বিধানসভায় ডিএমকে বিধায়ক ইভি ভেলু এবং জনপথ দফতরের মন্ত্রী আধব অর্জুনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। মুখ্যমন্ত্রীর দফতর স্থানান্তরের জন্য ৫.৫৪ কোটি টাকার একটি টেন্ডার ঘিরে অনিয়মের অভিযোগ তোলেন ভেলু। তাঁর দাবি, ওই টেন্ডার অনলাইনে প্রকাশ করা হয়নি।
ভেলুর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর দফতর সরানোর কারণে সচিবালয়ের কর্মীদের বসা, খাওয়া এবং বিশ্রামের জায়গা নিয়েও সমস্যা তৈরি হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর বর্তমান ঘরেই কাজ চালানো উচিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
অভিযোগ খারিজ করে মন্ত্রী আধব অর্জুন বলেন, সংবাদপত্রে প্রকাশিত ভুল তথ্যের ভিত্তিতে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাঁর পাল্টা দাবি, গত পাঁচ বছরে জনপথ দফতর নিয়ে সংবাদমাধ্যমে যে পরিমাণ দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, তাতে শুধু দুর্নীতিই হয়েছে বলে মনে হতে পারে।
রাস্তার কাজের অনিয়ম এবং টেন্ডার বিতর্ককে কেন্দ্র করে এ দিনের বিধানসভায় শাসক-বিরোধী সংঘাত নতুন মাত্রা পেল। মুখ্যমন্ত্রীর ‘দুর্নীতির ফাইল’ প্রকাশের হুঁশিয়ারিতে আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।