এফআইআর-এর দাবিতে পুলিশ অফিসারের দফতরের সামনে ধর্নায় রাহুল, পাশে পেলেট-কাণ্ডে আহত যুবক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ছাত্র বিক্ষোভে পেলেট গানের ব্যবহার নিয়ে এ বার সরাসরি পুলিশের বিরুদ্ধে অবস্থানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পেলেট গানে আহত এক যুবককে পাশে নিয়ে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিটে এক পদস্থ পুলিশ আধিকারিকের দফতরের বাইরে ধর্নায় বসেন তিনি। অভিযোগ, ঘটনায় এফআইআর দায়ের করতে অস্বীকার করেছে দিল্লি পুলিশ।
পুলিশের তরফে রাহুলকে জানানো হয়, ছাত্র বিক্ষোভে পুলিশের ‘অতিরিক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ’ বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি (এইচপিইসি) গঠন করেছে। তবে তাতেও অবস্থান থেকে সরতে রাজি হননি কংগ্রেস নেতা। তাঁর দাবি, পেলেটে আহত যুবকের অভিযোগে আগে এফআইআর দায়ের করতে হবে।
অবশেষে কনট প্লেস থানায় সাহিলের উপর পেলেট গান দিয়ে আঘাতের এফআইআর দায়ের করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে ছাত্রদের উপর ‘বর্বর হামলা’র জন্য জবাবদিহি চেয়েছিলেন রাহুল। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান-সহ ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।
জুলাইয়ে সাংবাদিকদের সামনে ১৯ বছরের সাহিল লোচাবকে নিয়ে এসেছিলেন রাহুল। তাঁর দাবি, ২০ জুলাইয়ের মিছিলে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার সময় নিরাপত্তাকর্মীদের ছোড়া পেলেটে আহত হন সাহিল। তাঁর শরীরের ক্ষতও সংবাদমাধ্যমকে দেখিয়েছিলেন রাহুল গান্ধী।