‘পুরোটাই অশিক্ষিতদের সরকার’

ইথানল তৈরিতে চিনি কমছে, কেন্দ্রকে নিশানা কেজরিওয়ালের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : আখ থেকে ইথানল উৎপাদনের নীতিকে কেন্দ্র করে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব আম আদমি পার্টি (AAP)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, তেলের আমদানি খাতে বৈদেশিক মুদ্রা বাঁচাতে আখ থেকে ইথানল তৈরি করতে গিয়ে দেশে চিনির ঘাটতি তৈরি হয়েছে। এখন সেই ঘাটতি মেটাতেই বৈদেশিক মুদ্রা খরচ করে চিনি আমদানি করতে হচ্ছে।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে কেন্দ্রকে কটাক্ষ করে কেজরিওয়াল লিখেছেন, ‘‘পুরো সরকারটাই অশিক্ষিতরা চালাচ্ছে। কোনও কাজ করার আগে তার পরিণতি কী হতে পারে, কেউ জানেন না।’’ তাঁর বক্তব্য, তেলের আমদানি কমাতে যে নীতি নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তার উল্টো ফলই দেখা যাচ্ছে।

E20 জ্বালানি নীতি নিয়েও দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে AAP। কেজরিওয়ালের অভিযোগ, E20 নিয়ে সাধারণ মানুষের আপত্তি বা উদ্বেগ যাতে প্রকাশ্যে না আসে, সে জন্য সমাজমাধ্যমে সমালোচনামূলক পোস্ট বা ভিডিয়ো সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি প্রতিবাদীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে বলেও দাবি তাঁর।

এক ভিডিয়ো বার্তায় কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, E20 নীতির বিরোধিতা করলেই সমাজমাধ্যমের পেজ সরিয়ে দেওয়া, ভিডিয়ো মুছে ফেলা বা পুলিশের মামলা করার মতো পদক্ষেপ করা হচ্ছে। ‘‘দেশের ১৪০ কোটি মানুষের কণ্ঠস্বর কী ভাবে চেপে রাখা যাবে?’’—প্রশ্ন তোলেন তিনি।

E20 হল পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো জ্বালানি। এর গুণমান, গাড়ির মাইলেজ এবং পুরনো গাড়ির সঙ্গে সামঞ্জস্য নিয়ে AAP একাধিক বার প্রশ্ন তুলেছে। পেট্রল পাম্পে সাধারণ পেট্রলের পাশাপাশি গ্রাহকদের বিকল্প জ্বালানি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে তারা।

তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বক্তব্য, গাড়ির মাইলেজ কমার জন্য শুধু E20-কে দায়ী করা যায় না। চালানোর ধরন, যানজট, গাড়ির রক্ষণাবেক্ষণ, টায়ারের চাপ এবং এসি ব্যবহারের মতো একাধিক বিষয়ের উপর বাস্তবে মাইলেজ নির্ভর করে। মন্ত্রকের দাবি, E20 জ্বালানি নিয়ে ব্যাপক পরীক্ষা ও যাচাই হয়েছে।

চিনি ও ইথানল নীতি নিয়ে কেন্দ্র-বিরোধী রাজনৈতিক চাপের মধ্যেই কেজরিওয়ালের এই আক্রমণ নতুন করে বিতর্ক উসকে দিল, তা বলাই বাহুল্য।