চিনকে কড়া বার্তা গোরের?

শ্রীনগরের পর লাদাখে মার্কিন রাষ্ট্রদূত, গালওয়ানের পর প্রথম সফর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : শ্রীনগরে গিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছিলেন। তার এক দিন পরেই লাদাখে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোরের সফর ঘিরে কূটনৈতিক জল্পনা তুঙ্গে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম কোনও শীর্ষ মার্কিন কূটনীতিক লাদাখ সফর করলেন। কূটনৈতিক মহলের একাংশের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে গোরের উপস্থিতি চিনের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা।

বৃহস্পতিবার লেহ বিমানবন্দরে লাদাখ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে কড়া নিরাপত্তার মধ্যে তিনি যান নিম্মুর সঙ্গমস্থলে। সেখানে সিন্ধু ও জাংস্কার নদীর মিলনস্থল ঘুরে দেখেন গোর। কয়েক কিলোমিটার নদীপথে ব়্যাফ্টিংও করেন তিনি।

চিন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে লাদাখের। ২০২০ সালের জুনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার সংঘর্ষের পর দু’দেশের সম্পর্কে দীর্ঘ সামরিক অচলাবস্থা তৈরি হয়। সেই ঘটনার পর লাদাখে মার্কিন শীর্ষ কূটনীতিকের সফরে স্বাভাবিকভাবেই নজর পড়েছে বেজিংয়ের দিকে।

এর আগে বুধবার শ্রীনগরে গোর বলেছিলেন, ‘‘জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ।’’ তাঁর সেই মন্তব্যে পাকিস্তানে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি কূটনৈতিক মহলের। তার পরেই কাশ্মীর এবং লাদাখে পর পর সফর—এই ঘটনাক্রমকে ভারত-মার্কিন ঘনিষ্ঠতার ইঙ্গিত হিসাবেও দেখছেন অনেকে।

এক কূটনৈতিক বিশ্লেষকের কথায়, ‘‘লাদাখে মার্কিন রাষ্ট্রদূতকে পাঠিয়ে চিনের স্পর্শকাতর জায়গায় বার্তা দিয়েছে ওয়াশিংটন।’’ বিশেষত আমেরিকা-চিন উত্তেজনা এবং ইরানকে ঘিরে চলা আন্তর্জাতিক সংঘাতের আবহে সফরটির গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন তাঁরা।

গোরের সফর পর্যটনের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। চলতি বছরের প্রথম সাত মাসে লাদাখে ৩.৩০ লক্ষের বেশি পর্যটক গিয়েছেন। শুধু জুন ও জুলাইতে সংখ্যাটি ২.১২ লক্ষের বেশি।

এ দিকে, লেহ-তে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে গোরের সাক্ষাতের কথা থাকলেও শেষ মুহূর্তে কর্মসূচিতে পরিবর্তনের কারণে তা বাতিল হয়েছে বলে সূত্রের খবর। তবে কূটনৈতিক মহলের নজর এখন গোরের পরবর্তী পদক্ষেপের দিকে।