বেসুরো আরাবুল!

পাঁচ মাসেই আইএসএফ-এর হাত ছাড়লেন আরাবুল ইসলাম।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ে ফের পট পরিবর্তনের ইঙ্গিত। তৃণমূল ছেড়ে আই এস এফ-এ যোগদানের পাঁচ মাসের মাথাতেই মোহভঙ্গ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়লেন আরাবুল ইসলাম। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
জানা গিয়েছে, মাস পাঁচেক আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন। ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে ISF-এর টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। তবে হারের পরেও ভাঙড়ে নিজের রাজনৈতিক আধিপত্য বজায় রাখেন তিনি। একের পর এক দলীয় কার্যালয়ের উদ্বোধন ও কর্মীসভা করতে থাকেন। এরই মধ্যে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির পদেও ফের বসেন আরাবুল।

সূত্রের খবর, সম্প্রতি দলের অন্দরেই আরাবুলের সঙ্গে দূরত্ব বাড়ে আইএসএফ নেতৃত্বের। আরাবুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই সদস্যরা। সেই অনাস্থার চিঠি বারুইপুরের মহকুমা শাসকের দপ্তরেও জমা দেওয়া হয়। তাঁকে সভাপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হতেই ক্ষোভ প্রকাশ করেন আরাবুল।
এ বিষয়ে আরাবুল ইসলাম বলেন “একাধিকবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু উনি দেখা করেননি, ফোনও ধরেননি।” আই এস এফ কে দুর্নীতিগ্রস্ত দল বলেও তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, আইএসএফ ভাঙড়ের সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে।
এই বিষয়ে আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রায় ১৩ বছর ধরে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির দায়িত্বে থাকা আরাবুল আইএসএফ ছেড়ে ফের কোন দলে যোগ দেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।