‘টক্সিক’-কে টেক্কা দিচ্ছে হনুমান অংশ!

শুরুতে পিছিয়ে, এখন দাপট! ‘টক্সিক’-কে টেক্কা দিয়ে বক্স অফিসে ‘হনুমান অংশ’ ।


আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বড় বাজেট, বিপুল শো এবং জোরালো প্রচার কোনওকিছুই নেই তবুও তারকাখচিত ‘টক্সিক’-কে টেক্কা দিচ্ছে মাত্র ২কোটির সিনেমা হনুমান অংশ। প্রায় নিঃশব্দে, সীমিত সংখ্যক শো এবং কম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল ‘হনুমান অংশ’। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই ছবির ব্যবসার ছবিটাই বদলে গিয়েছে।

হিসাব বলছে, মুক্তির ২৬তম দিনে হিন্দি ভাষায় ‘হনুমান অংশ’-এর নেট আয় হয়েছে ৮.৫০ কোটি টাকা। সেখানে ‘টক্সিক’ মুক্তির সপ্তম দিনে হিন্দি ভাষায় আয় করেছিল ৫.২৫ কোটি টাকা। যদিও মোট আয়ের নিরিখে এখনও অনেকটাই এগিয়ে ‘টক্সিক’, কিন্তু বক্স অফিসের মোমেন্টাম এখন স্পষ্টতই ‘হনুমান অংশ’-এর দিকে।

শুরুতে ভারতে ২৪ হাজারেরও বেশি শো পেয়েছিল ‘টক্সিক’। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শো কমেছে প্রায় ৪৫ শতাংশ। একই সঙ্গে কমেছে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতির হারও। ‘হনুমান অংশ’-এর ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো। মাত্র ১০ শতাংশ অকুপ্যান্সি নিয়ে শুরু করেও ছবিটি ধীরে ধীরে দর্শক টানতে শুরু করে। চতুর্থ সপ্তাহে ছবির অকুপ্যান্সি পৌঁছে যায় ৪৬ শতাংশে। বাড়তে থাকে শো-এর সংখ্যাও।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, বর্তমানে হিন্দি ছবির বাজারে ‘হনুমান অংশ’ই ব্যবসার দিক থেকে এগিয়ে। তাঁর কথায়, প্রথম দিনে মাত্র ৮ লক্ষ টাকা দিয়ে শুরু করা ছবিটি এখন প্রায় ৫০ কোটির ব্যবসার দিকে এগোচ্ছে—যা নিঃসন্দেহে বড় সাফল্য।

প্রথম দু’সপ্তাহ অবশ্য ছবিটির ব্যবসা মোটেই আশাব্যঞ্জক ছিল না। তৃতীয় সপ্তাহ থেকেই আচমকা গতি বাড়ে। ‘স্পাইডার-ম্যান’, ‘আওরাপন ২’, ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মতো ছবির পাশাপাশি ‘টক্সিক’-এর মতো বড় ছবির সঙ্গে প্রতিযোগিতা করেও নিজের জায়গা ধরে রেখেছে ‘হনুমান অংশ’।

প্রথম ছবি পরিচালনা করেছেন এক নবাগত পরিচালক, মুখ্য চরিত্রেও নবাগত অভিনেতা। প্রচারেও খরচ হয়েছে সামান্য। সেই ছবির এমন সাফল্যই এখন বাণিজ্য মহলে নতুন করে প্রশ্ন তুলছে—বড় তারকা আর বিপুল প্রচার কি আদৌ ছবি সফল করার একমাত্র চাবিকাঠি?