শ্রাবণে গজলক্ষ্মী রাজযোগ….

গজলক্ষ্মী রাজযোগ নামের মধ্যেই কেমন যেন একটা আভিজাত্য লুকিয়ে আছে। সে যাই হোক না কেন, অত্যন্ত শক্তিশালী হতে চলেছে এই রাজযোগ। মিথুন রাশিতে বসে একসঙ্গে দেবগুরু আর দৈত্যগুরু গঠন করতে চলেছে এই যোগ। পুরাণ মতে বৃহস্পতি হলেন দেবতাদের কুলগুরু । আর দৈত্য-কুলগুরু হলেন শুক্রাচার্য। এই দুই আচার্যই এবার একসঙ্গে, একই গ্রহে। এর সুফল পেতে চলেছে ৪টি রাশি…আসুন দেখে নেওয়া যাক।

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধিঃ-:

দেবগুরু এখন রয়েছেন মিথুন রাশিতে। শ্রাবণ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অর্থাৎ আগামী ২৬ জুলাই মিথুনে প্রবেশ করতে চলেছেন দৈত্য-কুলগুরু। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের দ্বাদশী মতান্তরে ত্রয়োদশী তিথি পর্যন্ত সেখানেই তাঁরা একসঙ্গে থাকবেন। অর্থাৎ ২১ অগাস্ট পর্যন্ত বৃহস্পতি ও শুক্রের যুগলবন্দীতে তৈরি হবে গজলক্ষ্মী-রাজযোগ। এর সুফল সম্পূর্ণরূপে পাবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। কারণে সেখানে তৈরি হবে এই যোগ। আটকে থাকা কাজ যেমন এই সময়ে সম্পন্ন হবে। তেমনই বিয়েও পাকা হবে অবিবাহিতদের। একই সঙ্গে বাড়বে সামাজিক সম্মান ও প্রতিপত্তিও। মনোবাঞ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয় বাড়বে। সঞ্চয় হবে। সাংসারিক জীবনে সুখ ও শান্তি উপচে পড়বে।

মিথুনের পর সিংহরাশিতেও পড়বে এই গজলক্ষ্মী-রাজযোগের প্রভাব। এই সময়কালে যে কোনও কাজেই সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিতে যেমন পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তেমনই ব্যবসাতেও সাফল্যের যোগ। যারা বিনিয়োগ করে রেখেছিলেন, তাঁরা ভালো সুদ পেতে চলেছেন। এই সময়ে বড় ধরনের বিনিয়োগও করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে এই সময়ে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান হবে।

কন্যা রাশিতেও দারুণ প্রভাব পড়তে চলেছেন এই গজলক্ষ্মী-রাজযোগের। চাকরিতে পদোন্নতি যেমন কেউ আটকাতে পারবে না। তেমনই আপনার মনের মতো চাকরির সুযোগ আসতে পারে এই সময়ে। কাজের চাপ যেমন বাড়বে। তেমনই বাড়বে সাম্মানিক। অর্থাৎ বেতন বৃদ্ধি পাবে। আটকে থাকা ফেরৎ পেতে পারেন এই সময়ে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে। পৈতৃক সম্পত্তিলাভ অসম্ভব নয়। সন্তানের লেখা-পড়াতেও উন্নতির যোগ।

কুম্ভ রাশিতেও মারাত্মক প্রভাব পড়তে চলেছে এই সময়ে। ২৬ জুলাই থেকে শুরু করে ২১অগাস্ট পর্যন্ত যে কাজেই হাত দেবেন, সেই কাজেই সাফল্য আসবে। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মস্থলে পদোন্নতির যোগ। অর্থসংস্থানের নতুন পথ খুলে যাবে এই রাশির জাতক-জাতিকাদের কাছে। হঠাৎ করেই অর্থলাভ অসম্ভব নয়। বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। সংসারে উপচে পড়বে সুখ ও সমৃদ্ধি।

এককথায় ২৬ জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি থেকে শুরু করে ২১ অগাস্ট অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল পক্ষের দ্বাদশী (মতান্তরে ত্রয়োদশী) তিথি পর্যন্ত সুখ উপচে পড়বে এই রাশির জাতক-জাতিকাদের। যারা হতোদ্যম হয়ে পড়েছেন, নতুন করে তারা বেঁচে থাকার রসদ খুঁজে পাবেন এই সময়কালে।