ভাড়াটিয়াদের স্বস্তি দিল হাইকোর্ট

ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ পাওয়ার রাস্তা আরও প্রশস্ত হল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সরকারের অধিগৃহীত জমির শুধু মালিক নয়, সেখানে বসে থাকা ভাড়াটিয়াও ক্ষতিপূরণ পাবেন। অধিগ্রহণ আইনের সূত্রে মামলাকারীর দেওয়া এই যুক্তি ঠারেঠোরে মেনে নিল রেল মন্ত্রক। সিঙ্গুরের এমন আট ভাড়াটিয়ার দায়ের মামলায় আগের নির্দেশ মেনে এই রিপোর্ট দেয় রেল। ফলে আগামী দিনে ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ পাওয়ার রাস্তা আরও প্রশস্ত হলো বলে আশা আইনজীবীদের।আপাতত ওই রিপোর্টের প্রেক্ষিতে মামলাকারীরা তাদের বক্তব্য জানাবেন। রাজ্যকে ওই ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ বাবদ কত পাওনা হতে পারে, তার হিসেব করতে হবে। সেই কারণে আগামী নভেম্বর পর্যন্ত ওই ভাড়াটিয়াদের উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আগামী দুর্গাপুজো পর্যন্ত স্বস্তি পরিবারগুলির। বিচারপতি পার্থ সারথি সেনের আদালত এই নির্দেশ দিয়ে জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তারমধ্যে রাজ্যকে ক্ষতিপূরণের হিসেব দিতে হবে। মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাসের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের ২০১৩ সালের নতুন অধিগ্রহণ আইন অনুযায়ী সরকারি কোনো প্রকল্পের জন্য জমি নেওয়া হলে, শুধু সেই জমির মালিক নয়, সেই জমিতে থাকা কোনো বাড়ি বা সম্পত্তির ভাড়াটিয়াও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। রেল আমাদের আইনি ব্যাখ্যা কার্যত মেনে নিয়েই রিপোর্ট দেওয়ায়, ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ পাওয়ার আশা আরও বাড়লো।