জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টেরস্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত আমতলার দলীয় কার্যালয় ভাঙার উপর জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এখন কোনও বুলডোজার চালানো যাবে না বলে আজ, রবিবার জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ।আগামী ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। সবপক্ষকেই এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে আদালতের তরফে।দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দলীয় কার্যালয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়। তারপরেই গতকাল, শনিবার সেই কার্যালয় ভাঙার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। নিয়ে যাওয়া হয় বুলডোজার।

সেই কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশ চেয়ে আজ, রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মামলার প্রেক্ষিতে রবিবারও জরুরি ভিত্তিতে আদালত বসে। সেখানে শুনানিতে অভিষেকের পরিবারের পক্ষেই রায় যায়।জানা গিয়েছে, যে জমিতে কার্যালয়টি তৈরি হয়েছিল সেটি ২০১৭ সালে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি সংস্থার নামে কেনা হয়েছিল। আর সেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। তাই এই মামলাটি দায়ের করেন তিনি। এদিকে শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ওই কার্যালয়টি বৈধ। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।’ সেই ঘোষণা অনুযায়ী রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেছিলেন তৃণমূল সাংসদের বাবা।