ওবিসি তালিকা সংক্রান্ত কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সোমবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীরা জানান, তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি সংক্রান্ত নতুন তালিকা ও সেই ভিত্তিতে প্রকাশিত সমস্ত সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন। এই স্থগিতাদেশ কার্যকর থাকবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত।
প্রসঙ্গত, রাজ্য সরকার ২০১০ সালের পরে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল। তা নিয়েই শুরু হয় আইনি বিতর্ক। ডিভিশন বেঞ্চ আগেই জানিয়েছিল, ২০১০ সালের পর যেসব ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে, তা বাতিল বলেই গণ্য হবে।
হাইকোর্টের এই নির্দেশে কার্যত বড় ধাক্কা খায় রাজ্য সরকার। কারণ, কলেজের ভর্তি প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের প্রয়োজন হয়। ফলে ভর্তির উপরেও তার সরাসরি প্রভাব পড়ছে। রাজ্য আদালতে জানায়, সময় পেলে তারা সমীক্ষা করে নতুন তালিকা প্রকাশ করবে।
হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও, এখনও পর্যন্ত শীর্ষ আদালত সে বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। এখন নজর ৩১শে আগস্টের পরবর্তী শুনানির দিকেই।