একটা সময় ছিল, ইঞ্জিনিয়ারিং মানেই কম্পিউটার, সিভিল, মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল। কিন্তু আগামী দিনের পৃথিবীতে এই পরিচিত বিষয়গুলোর বাইরেও তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন এক কর্মজগৎ। যেখানে মানুষের হয়ে কাজ করবে রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু উত্তর দেবে না, বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্তও নেবে। এমনকী মহাকাশেও তৈরি হবে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। আর এই বদলে যাওয়া ভবিষ্যতের কথা মাথায় রেখেই এবার বড় পদক্ষেপ দেশের আইআইটি-গুলির। প্রায় ৬ হাজার নতুন আসন তৈরির পরিকল্পনা! কিন্তু এই আসনগুলি কি শুধুই ইঞ্জিনিয়ারিংয়ের চেনা বিষয়গুলিতে? নাকি এমন কিছু প্রযুক্তি নিয়ে পড়ার সুযোগ আসছে, যা আগামী দিনে বদলে দিতে পারে চাকরির গোটা দুনিয়াটাকেই?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
দেশের প্রযুক্তি শিক্ষায় নতুন অধ্যায় শুরু করার লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভূপত অ্যান্ড জ্যোতি মেহতা ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে একাধিক আইআইটি-র সঙ্গে যৌথভাবে চালু হতে চলেছে রোবোটিক্স, ফিজিক্যাল এআই এবং স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিশেষ পাঠ্যক্রম।পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে শুরু হতে পারে প্রথম ব্যাচের পড়াশোনা। আর আগামী ৮ থেকে ১০ বছরে ধাপে ধাপে তৈরি হবে প্রায় ৬ হাজার আসন। এই উদ্যোগে যুক্ত থাকবেন ১২০-রও বেশি বিশেষজ্ঞ শিক্ষক।
প্রশ্ন হচ্ছে কোন বিষয়ে কত আসন?প্রস্তাবিত ৬ হাজার আসনের মধ্যে ৫ হাজার আসন রাখা হচ্ছে রোবোটিক্স এবং ফিজিক্যাল এআই-এর জন্য। এর মধ্যে ২ হাজার ৫০০টি বি.টেক, ১ হাজার ২০০টি মাস্টার্স এবং ১ হাজার ৩০০টি পিএইচডি স্তরে। অন্যদিকে, স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তৈরি হবে ১ হাজার আসন। যার মধ্যে ৫০০টি বি.টেক, ৩০০টি মাস্টার্স এবং ২০০টি পিএইচডি-র জন্য। অর্থাৎ, শুধু ডিগ্রি অর্জন নয়, অত্যাধুনিক প্রযুক্তিতে গবেষণার পথও খুলতে চলেছে পড়ুয়াদের সামনে।
এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় বিষয়টিতে। ফিজিক্যাল এআই আসলে কী?এতদিন এআই বলতে আমরা বুঝেছি চ্যাটবট, ছবি তৈরি কিংবা তথ্য বিশ্লেষণের প্রযুক্তি। কিন্তু ফিজিক্যাল এআই সেই ধারণাকে নিয়ে যাচ্ছে বাস্তব পৃথিবীতে। এই প্রযুক্তির সাহায্যে রোবট চারপাশের পরিবেশ বুঝতে পারবে, নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে এবং সেই অনুযায়ী কাজও করতে পারবে।ভাবুন, এমন একটি রোবট, যে কারখানায় নিজে থেকেই উৎপাদনের কাজ করছে, কৃষিক্ষেত্রে ফসলের পরিচর্যা করছে, হাসপাতালে চিকিৎসকদের সাহায্য করছে। এমনকী বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের বিকল্প হিসেবেও কাজ করছে!
আর এই প্রযুক্তি তৈরি করতে পড়ুয়াদের শিখতে হবে- মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, সেন্সর টেকনোলজি, সফটওয়্যার এবং কন্ট্রোল সিস্টেম। গবেষণার ক্ষেত্রে গুরুত্ব পাবে হিউম্যানয়েড রোবট, সোয়ার্ম রোবোটিক্স, সফট রোবোটিক্স এবং ডিজিটাল টুইনের মতো অত্যাধুনিক প্রযুক্তি। তবে প্রযুক্তির ভবিষ্যৎ শুধু পৃথিবীতেই আটকে নেই। এবার নজর মহাকাশেও। স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমে থাকছে স্যাটেলাইট নেভিগেশন, স্পেস রোবোটিক্স এবং হিউম্যান স্পেসফ্লাইটের মতো বিষয়। অর্থাৎ আগামী দিনে স্যাটেলাইট তৈরি, মহাকাশে রোবটের ব্যবহার কিংবা মানুষের মহাকাশযাত্রার প্রযুক্তি। সব ক্ষেত্রেই তৈরি হতে পারে নতুন গবেষণার সুযোগ।
কিন্তু শুধু আইআইটি-তে ভর্তি হলেই কি ভবিষ্যতের চাকরি নিশ্চিত?একেবারেই নয়। কারণ আগামী দিনের কর্মক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি প্রয়োজন হবে একাধিক প্রযুক্তিগত দক্ষতা। পাইথন, সি প্লাস প্লাসের মতো প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস, কম্পিউটার ভিশন, ইলেকট্রনিক্স এবং সমস্যা সমাধানের দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর মহাকাশ প্রযুক্তিতে আগ্রহীদের জন্য স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং, রিমোট সেন্সিং, নেভিগেশন এবং সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানও বিশেষভাবে কাজে আসবে। এই উদ্যোগে পড়াশোনার সঙ্গে শিল্পক্ষেত্রের সংযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। ইন্ডাস্ট্রি-লিঙ্কড প্রোজেক্টের পাশাপাশি একটি অংশগ্রহণকারী আইআইটি-তে বেতনসহ এক সেমেস্টারের ইন্ডাস্ট্রি রেসিডেন্সির সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।
ফলে পড়ুয়ারা ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন।তবে একটা বিষয় স্পষ্ট—৬ হাজার আসন একসঙ্গে চালু হচ্ছে না। আগামী ৮ থেকে ১০ বছরে ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। কোন আইআইটি-তে কোন কোর্স চালু হবে, ভর্তি কীভাবে হবে, যোগ্যতার শর্তই বা কী—সেই বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির।
সব মিলিয়ে, আগামী দিনের পৃথিবীতে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তি নির্মাতাও হয়ে উঠতে হবে ভারতীয় পড়ুয়াদের। রোবট থেকে মহাকাশ, ফিজিক্যাল এআই থেকে অত্যাধুনিক গবেষণা—আইআইটি-র এই উদ্যোগ সেই সম্ভাবনারই নতুন দরজা খুলতে পারে।কিন্তু প্রশ্ন একটাই, ভবিষ্যতের চাকরির বাজার যখন বদলে যাচ্ছে এত দ্রুত, তখন সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কতটা প্রস্তুত ভারতের পড়ুয়ারা?