মাদাগাস্কারের বিপন্ন প্রাণী রক্ষায় চুক্তি ভান্তারার সঙ্গে

মাদাগাস্কারের বিপন্ন বন্যপ্রাণ রক্ষায় বড় পদক্ষেপ। ভারতের জামনগরের ‘গ্রিনস জ়ুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার সোসাইটি’ বা ভান্তারা-র সঙ্গে দশ বছরের চুক্তি করল মাদাগাস্কার সরকার। মাদাগাস্কারের পরিবেশ ও টেকসই উন্নয়ন মন্ত্রক (MEDD) এবং ভান্তারার মধ্যে এই চুক্তি হয়েছে। এর মাধ্যমে মাদাগাস্কারের সংরক্ষণে সরকারি অংশীদার হিসাবে কাজ করবে ভান্তারা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

চুক্তির আওতায় বিদেশে পাচারের সময় উদ্ধার হওয়া মাদাগাস্কারের প্রাণীদের নিরাপদে দেশে ফেরানো, তাদের উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং সম্ভব হলে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করবে ভান্তারা। পাশাপাশি মাদাগাস্কারে একটি জাতীয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা, গবেষণা এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও সহায়তা করবে তারা।

মাদাগাস্কারের পরিবেশমন্ত্রী নোলাভে লুক আরিস্তিদ আন্দ্রিয়াতসিহালা বলেন, ‘‘মাদাগাস্কার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্র। আমাদের বন্যপ্রাণী আমাদের জাতীয় পরিচয়ের অংশ। তাদের রক্ষা করতে সীমান্ত পেরিয়ে সহযোগিতা প্রয়োজন।’’

ভান্তারার সিইও ভিভান কারানি জানান, মাদাগাস্কারের বন্যপ্রাণীকে তাদের নিজস্ব বাসভূমিতেই রক্ষা করা তাঁদের দশ বছরের সংরক্ষণ কৌশলের অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, ‘‘আমাদের অগ্রাধিকার হল বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা।’’

চুক্তির গুরুত্ব আরও স্পষ্ট বিপন্ন প্রাণীদের পরিসংখ্যানে। আইইউসিএন-এর তালিকা অনুযায়ী, মাদাগাস্কারের একমাত্র আবাসস্থল লেমুর প্রজাতির প্রায় ৯০ শতাংশই বিলুপ্তির ঝুঁকিতে। তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ‘অতি বিপন্ন’। অন্য দিকে, রেডিয়েটেড কচ্ছপের সংখ্যাও গত কয়েক দশকে বিপুল কমেছে। অবৈধ বন্যপ্রাণী পাচারও মাদাগাস্কারের জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম বড় কারণ।

ভান্তারা জানিয়েছে, পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া প্রাণীদের দেশে ফেরানোর আগে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, পরিবহণ, কোয়রান্টিন এবং পুনর্বাসনে সহায়তা করা হবে। তবে কোন প্রাণী কোথায় এবং কখন জঙ্গলে ফিরবে, সেই সিদ্ধান্ত নেবে মাদাগাস্কার সরকারই।

এই উদ্যোগের মূল লক্ষ্য—মাদাগাস্কারের প্রাণীদের বিদেশে নিয়ে গিয়ে নয়, তাদের নিজেদের দেশেই প্রয়োজনীয় চিকিৎসা, প্রশিক্ষণ ও সংরক্ষণের পরিকাঠামো তৈরি করে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া।