বাড়ছে গাড়ি তৈরির খরচ। আর সেই কারণেই একের পর এক গাড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে টাটা মোটরস, হুন্ডাই, অডি এবং মারুতি সুজুকির মতো সংস্থা। সংস্থাগুলির দাবি, গাড়ি তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। সেই বাড়তি খরচের কিছুটা এবার ক্রেতাদের উপর চাপাতে চলেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড তাদের সমস্ত ধরনের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। পেট্রোল-ডিজ়েল চালিত গাড়ির পাশাপাশি এই তালিকায় রয়েছে বৈদ্যুতিক গাড়িও। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে গাড়ির দাম গড়ে ০.৫ শতাংশ বাড়বে। সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়ি তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ার প্রভাব সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টাটা মোটরস জানিয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধির বড় অংশ সংস্থা নিজেরাই বহন করছে। তবে বাড়তি খরচের কিছুটা ক্রেতাদের উপর চাপানো হচ্ছে। কোন মডেল এবং কোন ভ্যারিয়েন্টের গাড়ি, তার উপর নির্ভর করে দাম কতটা বাড়বে। সংস্থার দাবি, দাম বাড়লেও প্রতিটি গাড়ির মাধ্যমে ক্রেতারা যথাযথ সুবিধা পাবেন। অন্যদিকে, হুন্ডাই মোটর ইন্ডিয়াও তাদের কয়েকটি মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নির্বাচিত মডেল ও ভ্যারিয়েন্টের দাম সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত বাড়বে। সংস্থার বক্তব্য, গাড়ি তৈরির উপকরণের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সব গাড়ির দাম সমান হারে বাড়বে না। মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বৃদ্ধির পরিমাণ আলাদা হবে।
হুন্ডাইয়ের তরফে জানানো হয়েছে, এতদিন উৎপাদন খরচের বাড়তি চাপ সংস্থার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও খরচ কমানোর মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু পরিস্থিতির কারণে এবার সেই বাড়তি খরচের সামান্য অংশ ক্রেতাদের উপর চাপানো প্রয়োজন হয়ে পড়েছে। এদিকে, জার্মানির বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা অডিও তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে সংস্থার বিভিন্ন মডেলের এক্স-শোরুম দাম সর্বোচ্চ ২ শতাংশ বাড়বে। গাড়ি তৈরির উপকরণের দাম বৃদ্ধিকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছে সংস্থা।
অন্যদিকে, মারুতি সুজুকি ইতিমধ্যেই তাদের কয়েকটি মডেলের দাম বাড়িয়েছে। গত ২২ নভেম্বর, ২০২৬ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সংস্থার হিসাব অনুযায়ী, গাড়ির দামে গড়ে প্রায় ০.৩১ শতাংশ বৃদ্ধি হয়েছে। মারুতির বক্তব্য, উৎপাদন খরচ কমানোর জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালানো হলেও সামগ্রিক খরচের চাপ বেড়েছে। তাই ক্রেতাদের উপর যতটা সম্ভব কম প্রভাব ফেলে বাড়তি খরচের কিছুটা অংশ বাজারে ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ, ডিসেম্বরের শুরু থেকেই টাটা ও হুন্ডাইয়ের একাধিক গাড়ি কিনতে বাড়তি টাকা খরচ করতে হবে ক্রেতাদের। আর নতুন বছরের শুরুতে দাম বাড়বে অডির গাড়িরও। ফলে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে দাম বৃদ্ধির বিষয়টি মাথায় রাখতে হবে ক্রেতাদের।