চা-ওয়ালার এক জবাবেই ‘বিজনেস মন্ত্র’!

চা বিক্রি করে দিনে আয় প্রায় ৭৫০০ টাকা। দোকানটি কোনও বড় ক্যাফে নয়, ব্যস্ত অফিসপাড়ার বাইরে ছোট্ট একটি চায়ের স্টল। প্রতিদিন প্রায় ৫০০ কাপ চা বিক্রি করেন দোকানের মালিক। প্রতি কাপের দাম ১৫ টাকা। চায়ের পাশাপাশি রয়েছে বিস্কুট, স্যান্ডউইচ, ম্যাগি-সহ আরও কিছু খাবার। সব মিলিয়ে রোজগার যে নেহাত কম নয়, তা বলাই বাহুল্য। কিন্তু এমন ব্যবসা যখন চলছে, তখন বড় করে ক্যাফে খুলছেন না কেন? প্রশ্ন শুনে চা-বিক্রেতার উত্তরই এখন সমাজমাধ্যমে ভাইরাল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এক্স হ্যান্ডলে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্প্রাহা যোশী। ব্যস্ত অফিস এলাকার ওই চায়ের দোকানে চা খেতে গিয়ে দোকানের মালিকের সঙ্গে কথা হয় তাঁর। কৌতূহলবশত জানতে চান, দিনে কত টাকা আয় হয়। উত্তর আসে—প্রায় ৫০০ কাপ চা বিক্রি হয়। প্রতি কাপ ১৫ টাকা। অর্থাৎ শুধু চা বিক্রি করেই দৈনিক প্রায় ৭৫০০ টাকা আয়।

এর পরেই স্প্রাহার প্রশ্ন, ‘‘এত নিয়মিত ক্রেতা যখন রয়েছে, তখন একটা ভাল ক্যাফে খুলছেন না কেন?’’ দোকানদার অবশ্য কোনও বড় স্বপ্নের কথা বলেননি। বরং অত্যন্ত বাস্তব উত্তর দিয়েছেন। তাঁর কথায়, ‘‘এখানে রোজ ক্রেতা আসে। ক্যাফে করলে ভাড়া, খরচ—সবই বাড়বে।’’

ছোট্ট ওই উত্তরের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তাঁর ব্যবসার হিসাব। ক্যাফে খুললে বাড়বে দোকানের ভাড়া, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ, সাজসজ্জা এবং কর্মীর খরচ। অথচ বর্তমান স্টলে সেই অতিরিক্ত দায় নেই। যেখানে নিয়মিত অফিসযাত্রীদের ভিড়, সেখানেই কম খরচে চা বিক্রি করে দিব্যি চলছে ব্যবসা।

স্প্রাহার মতে, ব্যবসার কোনও বই না পড়েও ওই চা-বিক্রেতা বুঝে গিয়েছেন গুরুত্বপূর্ণ একটি বিষয়—লাভ শুধু বেশি বিক্রিতে নয়, খরচ কম রাখাতেও।

সমাজমাধ্যমেও তাঁর ব্যবসায়িক বুদ্ধির প্রশংসা করেছেন অনেকে। এক জনের মন্তব্য, ‘‘ক্যাফে ক্রেতা টানার জন্য ভাড়া দেয়, আর তিনি এমন জায়গায় দোকান দিয়েছেন যেখানে ৫০০ অফিসকর্মীর চায়ের প্রয়োজন প্রতিদিনই।’’ আর এক জনের কথায়, ‘‘ক্যাফে বিক্রি করে পরিবেশ, অন্যদিকে চায়ের দোকানে ক্রেতারা আসেন স্রেফ প্রয়োজনেই।’’