আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে ভারতের একটি ‘দুর্দান্ত বাণিজ্য চুক্তি’ হয়েছে বলে দাবি করলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তাঁর বক্তব্য, আমেরিকা ভারতীয় পণ্যের উপর যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা জানিয়েছিল, তা কমিয়ে ১৭ শতাংশ করা হবে। এমনকী ভিয়েতনাম, বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশের তুলনায় ভারতের উপর শুল্কের হার ১ শতাংশ কম হবে। এই সিদ্ধান্তকে দেশের জন্য বড় সাফল্য বলে উল্লেখ করেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার শুল্কনীতি নিয়ে কথা বলেন কীর্তি বর্ধন সিং। তিনি জানান, আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে ভারত এই সুবিধা আদায় করতে পেরেছে। তাঁর কথায়, “বর্তমানে আমেরিকা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে। তবে পরবর্তী আলোচনার পর তা কমিয়ে ১৭ শতাংশ করা হবে। ভিয়েতনাম, বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের তুলনায় এই হার ১ শতাংশ কম। এর কৃতিত্ব আমাদের সরকারের। আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক নিয়ে একটি দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে পেরেছে সরকার। এটি আমাদের কাছে বড় সাফল্য।”
প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR) ভারত-সহ ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশের বিরুদ্ধে নতুন করে শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে। আমেরিকার অভিযোগ, এই দেশগুলি উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য তৈরি করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, ভারত ছাড়াও বাংলাদেশ, কম্বোডিয়া, চিন, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইৎজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামকে এই তদন্তের আওতায় রাখা হয়েছে।
আমেরিকার অভিযোগ, এই দেশগুলি সরকারি ভর্তুকি, শিল্পনীতি এবং শ্রমিক ও পরিবেশ সংক্রান্ত দুর্বল নিয়মের সুযোগ নিয়ে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা তৈরি করেছে। ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি, ব্যাটারি, রাসায়নিক, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, সৌরবিদ্যুতের প্যানেল এবং জাহাজ নির্মাণের মতো ক্ষেত্রগুলি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক চুক্তি ইতিমধ্যেই হয়েছে বা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে, প্রস্তাবিত শুল্কের হার তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঠিক করা হবে।
তবে এখনই এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে এবং শুনানির আয়োজন করা হবে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী জানুয়ারি মাসে এই শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। উল্লেখ্য, আমেরিকার এই প্রস্তাব আগের জরুরি ক্ষমতা প্রয়োগ করে বিশ্বজুড়ে চাপানো শুল্কের থেকে আলাদা। ভারতীয় রফতানিকারক এবং সরকারি আধিকারিকরা এখন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। কোন কোন পণ্যের উপর কতটা শুল্ক বসবে এবং ভারত-আমেরিকা বাণিজ্যে তার কী প্রভাব পড়বে, তা বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে।