তামান্না খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট!

তামান্নার মাকে দেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর নড়েচড়ে বসল পুলিশ।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : তামান্না খুনের ঘটনায় কালীগঞ্জ থানার পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল আদালতে। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে অস্ত্র আইন বিস্ফোরক আইনসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ২৪ জনের বিরুদ্ধেই এই চার্জশিট দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এদিন কৃষ্ণনগর আদালতে আইনজীবী বিপ্লব বিশ্বাস বলেন নতুন ইনভেস্টিগেশন অফিসার ৫৬৭ পাতার একটি অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। চব্বিশ জনের বিরুদ্ধে তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ দায়ের করেছেন।

প্রায় ১১ জনকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হচ্ছিল না। অভিযুক্তরা বিভিন্ন রাজ্যে পালিয়ে লুকিয়ে ছিল বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে তামান্নার মা আবেদন করেন, এই ঘটনায় দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়। মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এরপরই নড়েচড়ে বসে নদিয়া জেলার কালিগঞ্জ থানার পুলিশ। তামান্না খুনের ঘটনার তদন্তে নতুন করে গতি আসে। ভিন রাজ্য থেকেও দুজন আসামীকে গ্রেফতার করে নিয়ে আসে কালীগঞ্জ থানার পুলিশ। একে একে এগারো জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের নামে অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়। আগামী দিনে কালীগঞ্জের মোলান্দীর বাসিন্দা ন বছরের শিশু কন্যা তামান্না খুনের ঘটনায় যুক্তদের বিচার শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসে দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলে আশায় বুক বাঁধছেন তামান্নার মা।