দফায় দফায় ধ্বস্তাধস্তি, রাসবিহারী মোড়েই পুলিশ আটকাল এসএফআইয়ের মিছিল

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর বিচার চাইতে গত কয়েকদিন ধরেই পথে নেমেছে এসএফআই ডিওয়াইএফআই। শুক্রবারও রাসবিহারী থেকে ভবানী ভবন অব্ধি মিছিলের ডাক দিয়েছিল তারা। কিন্তু রাসবিহারী মোড়েই তাদের আটকে দিল পুলিশ।

এদিন মিছিল শুরুর আগে থেকেই এলাকায় মোতায়েন হয় প্রচুর পুলিশ। ছিলেন ডি সি সাউথ আকাশ মাঘারিয়া। মিছিলের আগেই আটক করা হয় ময়ূখ বিশ্বাস সহ একাধিক বাম নেতাকে। এমনকি কিছু পথচারীকেও আটক করা হয়।

তারপর লেকমলের দিক থেকে আসা এক মিছিল যার নেতৃত্বে ছিলেন সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর। তারা রাসবিহারীতে আসতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। এক প্রকার টেনে হিচড়ে তাদের আটক করা হয়।

তারপর দফায় দফায় লেক মলের সামনে থেকে আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়। ঘটনার তীব্র প্রতিবাদ করেন তারা। স্পষ্ট জানিয়ে দেন কোনভাবেই তাদের কন্ঠরোধ করা যাবে না। আজকের এই ঘটনা যে আনিস কাণ্ডে আরও মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য।