নিম্নচাপের জেরে ভিজল কলকাতা, অব্যাহত জলযন্ত্রণা

নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি, আর তাতে ফের জল মগ্ন শহর কলকাতা। অব্যাহত জলযন্ত্রণা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ বঙ্গের আকাশে ফের ঘনিয়েছে দুর্যোগের মেঘ। তার জেরে দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুর্যোগ অব্যাহত থাকবে আগামী সপ্তাহেও, অন্তত পক্ষে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপ পরিণত হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। আট জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।আজ, শুক্রবারও দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলার কিছু অংশে অতি প্রবল অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা।

অন্যদিকে রাতভর এই বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম। জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে। সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন সমুদ্রও উত্তাল থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়বে। ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।