জাহাজের ধাক্কায় নদীবাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: কলকাতা বন্দরের উদ্দেশে যাওয়ার পথে হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে সজোরে ধাক্কা মারল একটি বিদেশি পণ্যবাহী কার্গো জাহাজ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর জেটিঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজের ধাক্কায় নদীবাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাস্তা ও একটি বৈদ্যুতিক পোস্টেও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই।
স্থানীয় সূত্রে খবর, মালয়েশিয়ার একটি বন্দর থেকে পণ্য নিয়ে প্রায় ন’দিন আগে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুরের ওই কার্গো জাহাজ। বুধবার কলকাতা বন্দরে পৌঁছনোর কথা ছিল। নুরপুরের কাছে আচমকাই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ের দিকে এগিয়ে আসে এবং দ্রুতগতিতে নদীবাঁধে ধাক্কা মারে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নাবিকদের ভুল বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।