উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৬।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি থেকে উদ্ধার হলো নিখোঁজ ট্রলার ‘এফবি জয় মা কালী’। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রক্তেশ্বর চরের কাছে ট্রলারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে পুলিশ, বনদপ্তর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। রাতভর তল্লাশি চালিয়ে ট্রলারের ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উপকূলবর্তী এলাকায়। চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ট্রলারটি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর রবিবার দুপুরে গোবর্ধনপুরের সীতারামপুরে ট্রলারটিকে উদ্ধার করে আনা হয়।

উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রামনগর বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর মন্ডল। তিনি নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় জলে থাকায় দেহগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তাই সাধারণ শনাক্তকরণের পাশাপাশি মৃতদেহগুলির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে চলছে দেহ শনাক্তকরণের প্রক্রিয়া।ট্রলারে থাকা ১৫ জনের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হলেও, এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে সোমবার সকাল থেকে ফের জোরকদমে তল্লাশি চালাচ্ছে যৌথ উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।