এসআইআর নিয়ে বিজেপিকে নিশানা প্রিয়াঙ্কার, কমিশনের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : এসআইআর (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন) নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ফের সরব কংগ্রেস। শুক্রবার কেরলের ওয়েনাড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দাবি করলেন, ভোটার তালিকা সংশোধনের নামে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এই বিষয়ে তাঁর ভাই তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে প্রমাণ দেখিয়েছেন, তা গোটা দেশের সামনে রয়েছে।
বিজেপির তরফে রাহুলের অভিযোগকে রাজনৈতিক দাবি বলে খারিজ করার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “এটা খুব পুরনো এবং দুর্বল যুক্তি। তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে। গোটা দেশ তা দেখতে পাচ্ছে। আমার ভাই একাধিক সাংবাদিক বৈঠকে প্রমাণ দিয়েছেন। এখন স্পষ্ট, ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।”
এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও তোলেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, ভোটপ্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে গুরুতর অপরাধ। নির্বাচন কমিশনকে বিজেপি নেতৃত্ব দিয়ে প্রভাবিত করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগের পক্ষে স্বাধীন কোনও প্রমাণ তিনি নতুন করে পেশ করেননি।
এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ অবশ্য খারিজ করেছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের গোটা প্রক্রিয়াই সংশ্লিষ্ট আইন ও নিয়ম মেনেই হচ্ছে। নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ বা প্রাতিষ্ঠানিক বিভাজনের যে দাবি উঠেছে, তা-ও নস্যাৎ করেছে কমিশন। তাদের বক্তব্য, এসআইআর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মত ভাবেই নেওয়া হয়েছে।
এ দিন বিজেপির বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ভোটে কারচুপির অভিযোগও তোলেন প্রিয়াঙ্কা। প্রশ্ন ছুড়ে দেন, “কত বছর ধরে ওরা ভোটে কারচুপি করছে?”
এসআইআর বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে বেআইনি কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবিও তুলেছেন প্রিয়ঙ্কা। বিরোধী দলগুলির একাংশ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথাও জানিয়েছে।
কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে প্রিয়াঙ্কা জানান, দলের ওয়ার্কিং কমিটির বৈঠকেই তা ঠিক হবে। ফলে এসআইআর ঘিরে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে তা বলাই বাহুল্য।