বিলকিস বানো মামলায় ১৭ বছর জেলবন্দি দুই আসামির জামিন!

বিলকিস বানো মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ। দুই আসামিই ১৭ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। তাঁদের মধ্যে এক জন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন বলেও আদালতে উল্লেখ করা হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

২০০২ সালের গোধরা-পরবর্তী দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানো। তাঁর পরিবারের সদস্যদেরও খুন করা হয়েছিল। সেই ঘটনায় ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এর পর ২০২২ সালের ১৫ অগস্ট, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সময় গুজরাত সরকারের সিদ্ধান্তে জেল থেকে মুক্তি পান ১১ জনই। বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। শেষ পর্যন্ত শীর্ষ আদালত জানায়, ওই ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার গুজরাত সরকারের ছিল না। তাঁদের ফের জেলে যেতে হবে। আদালতের নির্দেশ মেনে গোধরা জেলে আত্মসমর্পণ করেন তাঁরা।

সেই ১১ জনের মধ্যেই এ বার স্বস্তি পেলেন দুই আসামি। তাঁদের দীর্ঘ সময় কারাবাস এবং একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়েছে শীর্ষ আদালত।

রায় ঘোষণার সময় বেঞ্চ জানায়, দুই আবেদনকারীই ১৭ বছরের বেশি সময় কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে এক জন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত। পাশাপাশি তাঁদের আবেদনে এমন কিছু আইনগত ও তথ্যগত প্রশ্ন উঠেছে, যা বিস্তারিত ভাবে বিবেচনার প্রয়োজন।

বিলকিসের মামলায় এই রায় অবশ্য নতুন করে আইনি প্রশ্নও সামনে আনল। কারণ, ২০২২ সালে ১১ আসামির মুক্তি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পরেই তাঁদের ফের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মামলায় এ বার দুই সাজাপ্রাপ্তের জামিন মঞ্জুর হল।