বৃষ্টি-বিপর্যস্ত মুম্বইতে মৃত ২, জলের তলায় রাস্তা-ট্রেনলাইন

লাগাতার বৃষ্টি চলছে মুম্বইতে। যার জেরে মৃত্যু হল ২ জনের। জারি হয়েছে লাল সতর্কতা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ রাতভর ভারী বৃষ্টি আর তার জেরে মারাত্মক ভাবে বিপর্যস্ত ভারতের বাণিজ্যনগরী মুম্বই। এক নাগাড়ে লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই বহু রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এক রাতের বৃষ্টিতে দাদর এবং বান্দ্রা স্টেশনের কাছে রেললাইনও ডুবে গিয়েছে। আর এই ভারী বৃষ্টির জেরে বাড়ি ধসে মৃত্যু হয়েছে দু’জনের। এই পরিস্থিতিতে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বইয়ে। আবহাওয়া দফতরের তরফে মুম্বই এবং সংলগ্ন রায়গড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

যে দু’জন মারা গিয়েছেন তাঁরা মুম্বইয়ের ভিক্রোলি এলাকার বাসিন্দা। এর পাশাপাকশি আরও দু’জন আহত হয়েছেন। জনকল্যাণ সোসাইটিতে চারজনের পরিবার যখন বাড়ির ভিতরে ছিল তখন এই ঘটনাটি ঘটে। নিহত দুইজনের নাম শালু মিশ্র এবং সুরেশচন্দ্র মিশ্র। রাজাওয়াড়ি হাসপাতালে চিকিৎসা চলছে আরতি মিশ্র এবং ঋতুরাজ মিশ্র নামে দুই আহতের। পুলিশ সূত্রে জানা গেছে যে এলাকা থেকে সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে এবং আশেপাশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এই ভারী বর্ষণের জেরে এই মুহূর্তে মুম্বইয়ের বেশিরভাগ রাস্তা এমনকি ট্রেন লাইনও চলে গিয়েছে জলের তলায়। জল জমে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে আন্ধেরি সাবওয়ে। ঘুরপথে মন্থর গতিতে চলছে যানবাহন। রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান সহ একাধিক ট্রেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে। এই আবহে যদি ভারী বৃষ্টি চলে তাহলে এই জলযন্ত্রণা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সকলেই। যার জেরে বড় বিপদের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। ভারী বৃষ্টির সময় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার থেকে শনিবারের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় গড়ে ৯৯.৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ পূর্ব শহরতলিতে ১৪২.৮০মিমি এবং পশ্চিম শহরতলিতে ১৪৪.৫৭মিমি বৃষ্টি হয়েছে। মধ্যরাতের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পায় বলেও জানা গিয়েছে। কুরলা থেকে শুরু করে চেম্বুর-সহ অন্যান্য অঞ্চল কার্যত জলমগ্ন ৷