পার্থ ঘনিষ্ঠের পর শিরোনামে সব্যসাচী ঘনিষ্ঠ!

সব্যসাচী-ঘনিষ্ঠ নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে ৩ কেজি সোনা উদ্ধার।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। সব্যসাচীর ব্যাঙ্ক লকার থেকে প্রায় তিন কেজি সোনা উদ্ধারের পর এ বার তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতেও মিলল বিপুল পরিমাণ সোনার গয়না। তদন্তকারী সূত্রের দাবি, সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় টিনার পৈতৃক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে। বর্তমান বাজারদরে যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, তোলাবাজির মামলায় গ্রেফতার সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সেই সূত্র ধরেই বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলে টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়ি এবং শ্বশুরবাড়িতেও।

তদন্তকারীদের দাবি, সব্যসাচীর কাছ থেকে এখনও পর্যন্ত মোট ছয় কেজি সোনা এবং প্রায় দেড় কেজি রুপো উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বিপুল সম্পদের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই এখন তদন্তের অন্যতম কেন্দ্রে উঠে এসেছেন টিনা ভৌমিক সাহা।

কে এই টিনা?

নদিয়া জেলা পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি এক সময় জেলার বঙ্গজননী বাহিনীর সভানেত্রী ছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, গত লোকসভা নির্বাচনের আগে নদিয়ার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। যদিও টিনা সেই দাবি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ২০২৫ সালে রাজনৈতিক সূত্রেই সব্যসাচীর সঙ্গে পরিচয় হয়েছিল। কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া ছাড়া তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই।

এর আগেও তোলাবাজির একটি মামলায় টিনাকে তলব করেছিল পুলিশ। তবে তিনি হাজিরা এড়িয়ে যান বলে তদন্তকারী সূত্রের দাবি। তার পরেই তাঁর বাড়িতে এই অভিযান চালানো হয়।

এ দিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, উদ্ধার হওয়া সোনার প্রকৃত মালিক টিনাই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, পরিবারের সাত জন মহিলার সমস্ত গয়না বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর মধ্যে তাঁর মা এবং ভাইয়ের স্ত্রীর গয়নাও রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে এবং তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ টিনার।

প্রসঙ্গত, বিধায়ক তাপস সাহার সঙ্গেও টিনার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে বলে এলাকায় চর্চা রয়েছে। তাপসের অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের সঙ্গেও টিনার নাম জড়িয়েছিল। যদিও সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন টিনা। ঘটনার পর তিনি আইনি পথে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।