প্রধানকে ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত মগরাহাট—পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের গোকর্নি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুরে উত্তেজনার সৃষ্টি হয়। পঞ্চায়েত প্রধান মধুমিতা সরদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে স্থানীয় গ্রামবাসীরা তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম পূরণ করেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পৌঁছায়নি। বেছে বেছে বিজেপি সমর্থকদের অফলাইন ফর্ম ইচ্ছাকৃতভাবে আপলোড করা হয়নি। তৃণমূল সমর্থক মহিলাদের ফর্ম আপলোড করায় তাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন অথচ বিজেপি সমর্থক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। পাশাপাশি, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদেরই আবাস প্রকল্পের সুবিধা মিলছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এছাড়াও, প্রয়োজন থাকা সত্ত্বেও ত্রিপল চাইলেও বারবার বঞ্চিত হতে হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। বিভিন্ন সরকারি পরিষেবা বণ্টনে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগও ওঠে।এই সমস্ত দাবিদাওয়া সামনে রেখে গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে আন্দোলন শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত প্রধানকে নিরাপত্তার স্বার্থে উদ্ধার করে মগরাহাট থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানায় ও উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারীদের একাংশ পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিও তোলেন।তবে এই অভিযোগগুলির বিষয়ে পঞ্চায়েত প্রধানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।