আইএসএলে ঐতিহাসিক ডার্বির রং সবুজ মেরুন, ২-০ হারল লালহলুদ

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম কলকাতা ডার্বি। মর্যাদার সেই ডার্বিতে লাল-হলুদকে টেক্কা দিল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। গোয়ার মাঠে এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। গোল করেন রয় কৃষ্ণা এবং মনবীর সিং। এই জয়ের ফলে টানা দুটি ম্যাচে জয় তুলে নিল হাবাসের দল। সেইসঙ্গে ৬ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল লিগ শীর্ষে।

করোনা পরিস্থিতির মধ্যে ভিনরাজ্যে ডার্বি হলেও গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে চড়ছিল উত্তেজনার পারদ। তবে দর্শকশূন্য মাঠে খেলা হওয়ায় উৎসাহের বেশির ভাগটাই সীমাবদ্ধ ছিল সোশ্যাল সাইটে। এরই মধ্যে ঐতিহাসিক সেই ম্যাচ। যে ম্যাচে রক্ষণের ব্যর্থতায় হার মানতে বাধ্য হল রবি ফাওলারের দল। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন লালহলুদের বলবন্ত সিং। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্খিত গোল পেয়ে যায় মোহনবাগান। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণা। ৮৫ মিনিটে লালহলুদের কফিনে শেষ পেরেক পুতে দেন মনবীর সিং।