সোনার দাম কমেই চলেছে! কেনার সেরা সুযোগ?

সোনার দোকানে যাওয়ার আগে একবার দামটা দেখে নিচ্ছেন তো? যে সোনার গয়না কেনার স্বপ্ন দেখেও এতদিন পিছিয়ে আসছিলেন, এবার কি সেই স্বপ্নপূরণের সুযোগ? আচমকাই বড়সড় ধস সোনার বাজারে। একদিনে ১০ গ্রাম সোনার দাম কমল ২২০০ টাকা। শুধু ২২ ক্যারেট নয়, দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। তাহলে কি এবার সাধ্যের মধ্যে আসতে চলেছে সোনার গয়না? বিয়ের মরশুমের আগে এই দরপতন কি বড় স্বস্তি দেবে মধ্যবিত্তের পকেটে?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

টানা তিনটি ট্রেডিং সেশন ধরেই নিম্নমুখী সোনার দাম। এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকায়। অর্থাৎ একদিনেই দাম কমেছে ২২০০ টাকা। দেশের বাজারে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার এই দরপতন স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। তবে সোনার দাম কমলেও আপাতত রুপোর বাজারে তেমন কোনও পরিবর্তন নেই। প্রতি কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।

তবে শুধু ২২ ক্যারেট নয়, দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। গত এক-দেড় বছরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম, তাতে অনেকেই এখন বিকল্প হিসেবে ১৮ ক্যারেটের গয়নার দিকে ঝুঁকছেন। তুলনামূলক কম দামে গয়না কেনার সুযোগ থাকায় বাড়ছে এই সোনার জনপ্রিয়তাও। প্রতি গ্রামের দাম ১০ হাজার টাকার ঘরে থাকায় ক্রেতাদের কাছে কিছুটা স্বস্তির খবর। ফলে বিয়ের মরশুমে যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এই দরপতন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

মাঝে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল সোনার দাম। প্রতি ১০ গ্রামের দাম পৌঁছেছিল ১ লক্ষ ৭০ হাজারে। তবে সম্প্রতি তা ধীরে ধীরে কমতে শুরু করে। ধনতেরাসের ২ দিন আগে তা কমে দাঁড়ায় ১ লক্ষ ৩১ হাজার। দাম কিছুটা কমায় বাজারমুখী হন ক্রেতারা। শুক্রবার ১৮ ক্যারেটের সোনার দামের ভরি দাঁড়ায় ১ লক্ষ ৬ হাজারে। ২২ ক্যারেটের ভরি দাঁড়ায় ১ লক্ষ ২৯ হাজারে। ২৪ ক্যারেটের ক্ষেত্রে তা ১ লক্ষ ৪০ হাজারে।

কিন্তু হঠাৎ সোনার দামে এই পতন কেন? এর পিছনে রয়েছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। বিশ্ববাজারে প্রায় ১ শতাংশ কমেছে সোনার দাম। প্রতি আউন্সে ৩৯.৯৩ ডলার কমে সোনার দাম নেমেছে ৩৯৫০ ডলারের নিচে। সাধারণত ডলার শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদার উপর চাপ তৈরি হয়। কারণ, অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে সোনা কেনা হয়ে ওঠে তুলনামূলক ব্যয়বহুল। তার প্রভাব পড়ে সোনার দামে।

সোনার বাজারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক অর্থনীতি এবং ডলারের গতিপ্রকৃতির উপর। আজ যে সোনার দাম কমছে, আগামীকালই তা আবার ঊর্ধ্বমুখী হবে না, তার নিশ্চয়তা নেই। বাজারে সোনার বেস প্রাইসের সঙ্গে মেকিং চার্জ, হলমার্ক চার্জ এবং জিএসটি যোগ হওয়ার পরেই নির্ধারিত হয় গয়নার চূড়ান্ত দাম। তাই প্রশ্ন একটাই, এই দরপতন কি সোনা কেনার বড় সুযোগ, নাকি আরও কমার অপেক্ষায় থাকবেন ক্রেতারা?