শেক্সপিয়ার সরণির শ্যুটআউটে গ্রেফতার 1, বচসার জেরে গুলি

মাম্পি রায়, নিউজ ডেস্ক : শেক্সপিয়ার সরণিতে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার 1। ধৃত রোহিত গুপ্তা ওরফে বঙ্গি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর, হাজরা ও শরৎ বোস রোড ক্রসিং থেকে অভিযুক্তকে গ্রেফতার করে গুন্ডাদমন শাখা। আক্রান্ত ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের বুকে গুলি এসে লাগে। তাঁর এক্স রে রিপোর্টে উঠে বুলেটের ছবি স্পষ্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশি একনলা বন্দুক থেকে ওই গুলি চালানো হয়েছে। বিহারের মুঙ্গের থেকে একনলা বন্দুকটি আমদানি করা হয়েছিল বলে অনুমান পুলিশের। তাই শ্যুটআউটকাণ্ডের অন্যান্য অভিযুক্তরা ভিনরাজ্যে গা ঢাকা দিতে পারে বলে মনে করছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজে পঙ্কজের সঙ্গে রোহিতের বন্ধুদের বচসার ছবি দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বালিগঞ্জ এলাকার একটি গণেশপুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। তখনই রোহিত গুপ্তার সঙ্গে বচসা বাঁধে পঙ্কজ সিংয়ের। গাড়ি নিয়ে রেষারেষির জেরে বচসা। সিগন্যালে পঙ্কজের গাড়ি ঘিরে ফেলে দুষ্কৃতীরা। বচসার জেরে রোহিতকে চড় মারেন পঙ্কজ।

তারপরই বন্ধুদের নিয়ে পঙ্কজের উপর চড়াও হয় তারা। পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় রোহিতের এক বন্ধু। ঘটনায় মূল অভিযুক্ত অর্থাত্ রোহিতের সেই বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রোহিত অনলাইন খাবার ডেলিভারির কাজ করে বলে পুলিশ সূত্রে খবর। তবে কী কারণে তারা বন্দুক রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।