বিধানচন্দ্র রায়ের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বক্তব্য এবার এক মলাটে!

২০১১ সালের মে মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় যে বক্তৃতা করেছেন, এবার সেই বক্তৃতা ছাপার অক্ষরে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা লাইব্রেরী কমিটি।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তাঁর কর্মজীবনে মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় যত বক্তব্য রেখেছিলেন, সেই সব বক্তব্য ব‌ই আকারে প্রকাশিত হয়েছে। যা রাজনীতির ছাত্র-ছাত্রীদের কাছে একটি দলিল হিসাবেই বিবেচিত হয়। ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত, তাঁর (বিধানচন্দ্র রায়) কার্যকালের মেয়াদে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিধানসভায় বক্তব্য রেখেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের রাজনীতির ইতিহাসের‌ও একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়।

এবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দেওয়া বক্তৃতাকেও দুই মলাটে নিয়ে আসা হচ্ছে। ২০১১ সাল থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যত বক্তব্য রেখেছেন সেই সব কিছুই ব‌ই আকারে প্রকাশ পেতে চলেছে। ইতিমধ্যেই এই ব‌ইয়ের খসরা চূড়ান্ত করা হয়েছে। ব‌ই লেখার কাজ‌ও প্রায় সমাপ্ত। খসরা ব‌ই মুখ্যমন্ত্রী কে দেখানো হবে। তিনি যদি ব‌ইয়ের বিষয়ে কিছু যোগ বা বিয়োগ করতে চান, সেই বিষয়ে তাঁর মতামত নেওয়ার পর‌ই ব‌ই আকারে প্রকাশ করা হবে। বিধানসভা সূত্রে খবর, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ঘোষণার অনেক আগেই এই ব‌ই প্রকাশিত হয়ে যাবে।