প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউতে চলছে চিকিৎসা

গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে তাঁকে ভর্তি করানো হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বমি-সহ একাধিক সমস্যা দেখা দেওয়াতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওই হাসপাতালের আইসিইউতে এই মুহূর্তে চিকিৎসাধীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ শনিবার রাতে আচমকাই লাগাতার বমি এবং তীব্র পেটে ব্যথা শুরু হয় অভিজিৎ বাবুর। খবর দেওয়া হয় তাঁর গৃহ চিকিৎসককে। তিনি এসে প্রাথমিক চিকিৎসার পর বলেন হাসপাতালে ভর্তি করার কথা। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে আসা হয় আলিপুরের এই বেসরকারি হাসপাতালে। গতকাল রাতেই একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাঁর। রবিবার সকালেই তাঁর বেশ কিছু রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকরা।

তমলুকের বিজেপি সাংসদ এই মুহূর্তে সিঙ্গেল আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ। তাঁর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছে যান বিজেপির নেতা কর্মীরা। চিকিৎসকরা রবিবার জানিয়েছেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিসে আক্রান্ত অভিজিৎ গাঙ্গুলি। আইসিইউতে রয়েছেন তিনি। অবস্থা এখনও আশঙ্কাজনক তবে আগের থেকে সামান্য ভালো। ইন্টারনাল মেডিসিনি, ক্রিটিক্যাল কেয়ার, কারডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, এন্ডক্রিনোলজিস্ট, গ্যাস্ট্রোইনটেস্টিনাল এবং জিআই সার্জনদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁকে দেখছেন। ক্রিটিকাল কেয়ারের চিকিৎসক পুষ্পিতা মন্ডলের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাঁকে।

অভিজিৎবাবুর এই মুহূর্তে বয়স ৬২ বছর। বয়সজনিত একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া অতিরিক্ত গরম আবহাওয়ার জেরে গত কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন।কলকাতা থেকে হামেশাই নিজের সাংসদ এলাকায় যাতায়াত করেন তিনি। এছাড়া কলকাতায় বিজেপির প্রায় প্রতিটি কর্মসূচিতেই উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। এখনও বর্ষা প্রবেশ না করায় অত্যধিক গরম পড়েছে। সে ক্ষেত্রে শারীরিক ধকলের কারণেই এই অসুস্থতা কিনা, তা নিয়েও কর্মীদের মধ্যে চর্চা শুরু হয়েছে।