শিল্প বিমুখ নয়, বরং শিল্পের অভিমুখ এখন বাংলা। কেন্দ্রের তথ্যে মান্যতা।

দেশের শিল্প মানচিত্রে পুরনো হৃতগৌরব কি ফিরে পেতে চলেছে পশ্চিমবঙ্গ! অন্তত কেন্দ্র সরকারের দেওয়া তথ্য বলছে গত কয়েক বছরে এরাজ্যে নতুন শিল্প স্থাপনের রেখচিত্র যথেষ্ট উর্ধ্বমুখী।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মথুরাপুর লোকসভার তৃণমূল সাংসদ বাপি হালদারের এক প্রশ্নের জবাবে কেন্দ্রিয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক একটি তথ্য প্রকাশ করেছে। যে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ২০১১ সালের তুলনায় ২০২৫ সালে এরাজ্যে রেজিস্ট্রিকৃত কর্পোরেট সংস্থার সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। ২০১১ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন এরাজ্যে নিবন্ধীকৃত কোম্পানির সংখ্যা ছিলো ১,৩৭,১৫৬ টি। মাত্র ১৪ বছরে এই সংখ্যাটি বেড়ে হয়েছে ২,৫০,৩৪৩, যা বর্তমান রাজ্য সরকারের কাছে যথেষ্ট উৎসাহব্যঞ্জক।

২০২১ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার তাঁর লক্ষ্য শিল্পায়ন। ভারী শিল্প না হলেও, মাঝারি বা ক্ষুদ্র শিল্প যাতে আরো বেশি করে এরাজ্যে তৈরি হয় তারজন্য একাধিক নীতি গ্রহণ করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সেই প্রচেষ্টা যে মাঠে মারা যায় নি, বরং তা যে রাজ্যের শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার প্রমাণ‌ও মিলেছে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দেওয়া তথ্যে। তৃণমূল সাংসদ বাপি হালদারের প্রশ্নের যে উত্তর মন্ত্রক থেকে দেওয়া হয়েছে সেখানেই বিষয়টি পরিষ্কার। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ছয়(৬) বছরে (৩১.০৭.২০২৫) বাংলায় নতুনভাবে রেজিস্ট্রিকৃত সংস্থার সংখ্যা প্রায় ৪৪,০৪০ টি। এই সময়কালে এ রাজ্য ছেড়ে চলে যাওয়া কোম্পানি বা সংস্থার সংখ্যা হলো মাত্র ১,৭৪২ টি।

কেন্দ্রের দেওয়া এই তথ্য যে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের কাছে বাড়তি অস্ত্র তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপি যখন রাজ্যকে শিল্প বিমুখ প্রমাণ করতে ব্যস্ত তখন কেন্দ্রের‌ই দেওয়া তথ্য বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে বলে মত তৃণমূল কংগ্রেসের।