স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোর্স নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি ইউজিসি-র

কোন কোন বিষয় দূরশিক্ষার মাধ্যমে পড়ানো যাবে না তা স্পষ্ট করল ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানাল ইউজিসি। চলতি শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- স্বাস্থ্যসেবা এবং সেই সংক্রান্ত বেশ কিছু কোর্স আর দূরশিক্ষা অথবা অনলাইনের মাধ্যমে পড়ানো যাবে না। এমনই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি। এই নিয়ে ইউজিসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে স্বাস্থ্যসেবা এবং সেই সংক্রান্ত কোর্সগুলি আর দূরশিক্ষা বা অনলাইনে করা যাবে না। ২০২১-এর ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশন (এনসিএএইচপি) আইন অনুযায়ী নির্দেশিকা জারি করা হয়েছে। সেই অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলি হেলথকেয়ার অ্যান্ড অ্যালায়েড বিষয়ে এতদিন দূর ও মুক্তশিক্ষা মাধ্যম বা অনলাইনে নানা কোর্স করাত, তাদের তা বন্ধ করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।

ইউজিসির নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে, কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-অগস্ট মাস থেকে স্বাস্থ্যসেবা এবং সেই সংক্রান্ত বিষয়গুলি আর দূরশিক্ষা বা অনলাইনের মাধ্যমে পড়ানো যাবে না। পাশাপাশি যদি কোনও প্রতিষ্ঠানকে আগে থেকে এই বিষয়গুলি ডিগ্রি বা ডিপ্লোমার জন্য পড়ানোর অনুমোদন দেওয়া হয়ে থাকে, সে ক্ষেত্রেও তারাও আর চলতি শিক্ষাবর্ষ থেকে আর এই কোর্সগুলি দূরশিক্ষা বা অনলাইনের মাধ্যমে আর পড়াতে পারবে না। এমনকি যারা একাধিক বিষয়ে স্পেশালাইজ়েশন নিয়ে এই দুই মাধ্যমে স্নাতক স্তরে পড়াশোনা করতে চান, সে ক্ষেত্রেও তারা হেলথকেয়ার এবং অ্যালায়েড সায়েন্সের বিষয়গুলিতে স্পেশালাইজ়েশনের সুযোগ পাবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত কোর্সগুলি অনলাইনে বা দূরশিক্ষার মাধ্যমে করা যাবে না সেগুলি হল,সাইকোলজি (মনোবিদ্যা), মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। এগুলি বেশির ভাগই প্র্যাকটিক্যাল বেস বিষয়। যেখানে নিয়মিত ক্লাস নেওয়া জরুরি বলে মত শিক্ষকমহলের একাংশের। দূরশিক্ষার মাধ্যমে পাঠ দানে ফাঁক থেকে যায়। তাই ইউজিসির এই সিদ্ধান্ত সঠিক বলে মত শিক্ষক শিক্ষিকাদের একাংশের।