প্রকাশিত হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার ফল। ওবিসি জট কাটতেই ২৫ অগস্ট প্রসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশের কথা ঘোষণা করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইই)। সেই ঘোষণা অনুযায়ী সোমবার ২৫ অগস্ট ফলপ্রকাশিত হল।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশিত হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার ফল। ওবিসি জট কাটতেই ফলপ্রকাশের কথা ঘোষণা করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইই)। সেই ঘোষণা অনুযায়ী সোমবার ২৫ অগস্ট ফলপ্রকাশিত হল। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে ২১ ও ২২ জুন স্নাতকে কলা ও বিজ্ঞান বিভাগে প্রেসিডেন্সিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। ‘আনসার কি’ প্রকাশ করা হয় ১০ জুলাই। এরপর ৯ অগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা । কিন্তু ঠিক তার আগেই ওবিসি সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। যার জেরে থমকে যায় ফল ঘোষণা। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর জটিলতা কাটতেই ফের দিন ঘোষণা করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

২৫ অগস্ট বেলা সাড়ে ১১টা নাগাদ ফলপ্রকাশ করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির। জয়েন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এবছর স্নাতকে ভর্তিতে পাস করেছে ৫২৬২ জন। যারমধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী ৫১৭০ জন। পশ্চিমবঙ্গের বাইরের পরীক্ষার্থী ৯২ জন। পাশের হার ৯৯.১৭ শতাংশ। ছাত্র পরীক্ষার্থীর পাশ করেছে ১৮৫৬ জন অর্থাৎ পাশের হার ৯৮.৮১ শতাংশ। ছাত্রী পরীক্ষার্থীর পাশ করেছে ৩৪০৬ জন। অর্থাৎ পাশের হার ৯৯.৫৩ শতাংশ। উত্তীর্ণেরা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কাউন্সেলিংয়ের সূচি ২৬ অগস্ট প্রকাশিত হবে।

www.wbjeeb.nic.in/pubdet তে ক্লিক করলে পরীক্ষার্থীরা তাদের র্যাঙ্ক জানতে পারবে। পাশাপাশি র্যাঙ্ক কার্ড ডাউনলোডের জন্য
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোডের অপশন। সেখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ সাবমিট করলে পরীক্ষার্থীরা র্যাঙ্ক কার্ড দেখতে পাবেন এবং তা সেখান থেকে ডাউনলোড করতে পারবে।