২০২৬ এর বিধানসভা নির্বাচন এখনও প্রায় আট নয় মাস বাকি। তবে এরাজ্যের রাজনৈতিক দলগুলো বিশেষ করে রাজ্যের শাসক দল (তৃণমূল কংগ্রেস) এবং প্রধান বিরোধী দল (বিজেপি) ময়দানে নেমে পড়েছে। ঘুঁটি সাজাচ্ছে যে যার মতো করে। তৃণমূলের ‘খেলা হবে’ শ্লোগান ধার না করলেও খেলার ময়দানে নিজেদের প্রধান স্ট্রাইকারকে নামিয়ে দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যে তিন দফা সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মোদীর নামেই ফুটবল মাঠে নামতে চলেছে রাজ্য বিজেপি। রাজ্য জুড়ে ‘মোদী কাপ’ নামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে বিজেপি।

সুচারু মিত্র, নিজস্ব প্রতিনিধিঃ- বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে গেরুয়া শিবিরে। আগেই শুভেন্দু অধিকারী বলেছেন ৩৮ শতাংশ ভোট বিজেপির কাছে রয়েছে। আর মাত্র ৪ থেকে ৫ শতাংশ ভোট পেলেই রাজ্যে ক্ষমতায় আসবে রাজ্য বিজেপি। সেই আশাতেই বিজেপির নেতা কর্মীরা উজ্জিবিত হয়েছেন। কিন্তু এরই মাঝে যে সমস্ত জেলায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটাতে এবার নয়া কৌশল রাজ্য বিজেপির। আর তার জন্য ফুটবলকেই মাধ্যম করতে চলেছে বিজেপি। এবার বিজেপির কথায় তাদের পক্ষেও খেলা হবে। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসালের সঙ্গে বিজেপির রাজ্য নেতাদের বৈঠকে উঠে আসে এমনি প্রস্তাব।

সেপ্টেম্বর মাস থেকে রাজ্য জুড়ে জেলায় জেলায় হবে ফুটবল প্রতিযোগিতা।যে প্রতিযোগিতার পোষাকি নাম ‘মোদী কাপ’ আর তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে।আর এই ফুটবল টুর্নামেন্টকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে রাজ্য বিজেপি। ফুটবল প্রতিযোগিতার নেপথ্যে আসলে নিবিড় জনসংযোগ যুবসমাজ এবং ছাত্র সমাজের মন পাওয়ার চেষ্টাতেই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বিজেপি।একদিকে বাংলা বাঙালির বিশেষ উৎসব দুর্গাপূজোকে সামনে রেখে নানা পরিকল্পনা রয়েছে বিজেপির।তবে ঠিক তার আগেই শুরু হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা।চলবে তিনমাস ধরে। ইতিমধ্যেই সেই তালিকাও গোছাতে শুরু করেছে রাজ্য বিজেপি।এবার ফুটবল দিয়ে নব প্রজন্মের মনে জায়গা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি।

এদিকে সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে বিশেষ প্রতিযোগিতা। রাজ্যের ফুটবল সম্ভাবনাকে আরও উচ্চমানে নিয়ে যাওয়ার জন্যই রাজ্যের ক্রীড়া দফতরের এই উদ্যোগ। কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।এবার বিজেপির পক্ষ থেকেও ফুটবল প্রতিযোগিতা।তাহলে কি এবার ফুটবলের ময়দানেও জোড় টক্কর তৃণমূল বনাম বিজেপির?… সেই প্রশ্নই ঘোরাফেরা করছে অত্যন্ত ক্রীড়া প্রেমীদের মধ্যেও।