বিধানসভায় মন্ত্রী কে ‘অপদার্থ মন্ত্রী’ বলে কটুক্তি। কটুক্তি করলেন তৃণমূল বিধায়ক

বিধানসভায় নজিরবিহীন ঘটনা। রাজ্যের মন্ত্রী কে চূড়ান্ত কটুক্তি করলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক সমর মুখার্জী। সেই সময় অধিবেশন কক্ষেই উপস্থিত ওই মন্ত্রী। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন সমর মুখার্জী।

অধ্যক্ষ

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো অধিবেশন কক্ষ। এদিন প্রশ্নোত্তর পর্বে মৎস দফতর নিয়ে প্রশ্ন করার সময় মালদহের রতুয়ার তৃণমূল বিধায়ক বর্ষীয়ান সমর মুখার্জী মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কে উদ্দেশ্য করে বলেন, ‘উনি একজন অপদার্থ মন্ত্রী’। সঙ্গে সঙ্গেই ট্রেজারি বেঞ্চের অন্যান্য মন্ত্রীরা প্রতিবাদ করে ওঠেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও মাননীয় বিধায়ক সমর মুখার্জী কে তাঁর করা উক্তির জন্য ক্ষমা চাইতে বলেন। প্রথমে ক্ষমা না চাইলেও পরে ক্ষমা চেয়ে নেন সমর মুখার্জী।

এদিন সমর মুখার্জী অভিযোগ করে বলেন, মন্ত্রী জানেন না রাজ্যে যতগুলো ফিসারিজ সমবায় রয়েছে সেই সব সমবায় গুলো বন্ধ হয়ে গেছে। কোনো কাজ হয় না। মন্ত্রী এসব কিছুই হয় জানেন না, নয়তো এগুলোকে সঠিকভাবে কার্যকর করার কোনো উদ্যোগ এখনও নেন নি। মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অভিযোগের জবাব দিয়ে বলেন,”রাজ্যে মোট ৮৭৫ টা ফিসারিজ সমবায় রয়েছে। হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সবগুলো বন্ধ হয়ে রয়েছে এই তথ্য সঠিক নয়।” মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় সমর মুখার্জী কি আপনার কাছে ক্ষমা চেয়েছেন ? উত্তরে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, “উনি অধিবেশনের বিরতির সময় আমার কাছে এসে ব্যাক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে এই ঘটনার অব্যবহিত পরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এর তলবে তাঁর ঘরে গিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জী। পরিষদীয় মন্ত্রী কে তিনি (সমর মুখার্জী) বলেন এটা (অপদার্থ মন্ত্রী) মুখ ফসকে (Slip of tongue) বলে ফেলেছি। তবে ততক্ষণে যা হ‌ওয়ার হয়ে গেছে। প্রসঙ্গত বিধানসভায় যখন এই ঘটনা ঘটছে তখন অধিবেশন কক্ষে বিরোধী দলের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।