রহড়া-অস্ত্র কাণ্ডে বিবাদী বাগের যোগ! লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আগ্নেয়াস্ত্র পাচার

অগস্ট মাসে রহড়ার এক ফ্ল্যাট থেকে বিপুল অস্ত্র কার্তুজ সহ বেশ কিছু নগদ উদ্ধার হয়। এবার সেই ঘটনায় খুঁজে পাওয়া গেল কলকাতার যোগ।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে বিবাদী বাগের দোকানের যোগ। বেঙ্গল এসটিএফের অভিযানে বাজেয়াপ্ত সিঙ্গেল ও ডাবল ব্যারেলের ৪১টি বন্দুক। এর আগেও বেআইনি অস্ত্র কারবারের জন্য বিবাদী বাগের এই দোকানটি পুলিশের স্ক্যানারে ছিল এবার ফের সেই দোকান থেকেই এই অস্ত্র উদ্ধার। এই দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে।

বিবাদী বাগের যে অস্ত্রের দোকান থেকে এই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেই দোকানটির বৈধ কাগজপত্র রয়েছে ৷ এটি কলকাতার একটি নামী অস্ত্র ও কার্তুজ বিপণনকারী দোকান। কিন্তু, বৈধ কাগজপত্র থাকা এই দোকানে কীভাবে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র এসে পৌঁছলো সেই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।ইতিমধ্যেই ওই দোকানের কর্মচারী-সহ মোট চারজনকে গ্রেফতার করেছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর গোয়েন্দারা। ভবানী ভবন সূত্রের খবর, উদ্ধার হওয়া এই বেআইনি কার্তুজ ও আগ্নেয়াস্ত্রগুলি সাম্প্রতিককালে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন শুট আউটের ঘটনায় ব্যবহার হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিবাদী বাগের এই লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানে অভিযান চালান তদন্তকারীরা। সেই সময়েই ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুবীর দাঁ, আবির দাঁ, সুব্রত দাঁ। তাঁরা প্রত্যেকেই গিরিশ পার্কের বাসিন্দা। দোকানটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

অগস্ট মাসে রহড়ার রিজেন্ট পার্ক যোগীপাড়ায় একটি অ্যাপার্টমেন্টে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছিলেন মধুসূদন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। প্রথমে ঘটনাটির তদন্তে নেমেছিল রহড়া থানার পুলিশ। পরে সেই ঘটনার তদন্তের দায়িত্ব যায় বেঙ্গল এসটিএফের হাতে। সেই ঘটনার তদন্তে নেমেই বিবাদী বাগের এই নামী অস্ত্রের দোকানের হদিশ পান তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই দোকান থেকে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত অসাধু ব্যক্তিরা এবং পরে তা চড়া দামে বিক্রি করত।