‘ঘুষপেটিয়া বাঁচাও যাত্রা করছেন’, রাহুলকে তোপ শাহর

মাম্পি রায়, সাংবাদিকঃ মোদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হাইজ্যাকের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রাহুলকে এবার পাল্টা নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের নিশানা করে শাহর পাল্টা তোপ, ‘রাহুল বাবা ঘুষপেটিয়া বাঁচাও’ যাত্রা করছেন। শাহর অভিযোগ, বিরোধীরা তোষণের রাজনীতির মাধ্যমে নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে। শাহ বলেন, “যারা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে চান, তাদেরকে খুঁজে বের করুন তো দেখি।”

নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকা সংশোধন, এসআইআর-এর বিরোধিতা করছে কংগ্রেস। সেই কৌশল আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা। শাহ বলেন, রাহুল বাবা অনুপ্রবেশকারীদের সমর্থনে ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা করছেন। যারা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে চায়, তাদেরকে চিনে নিন আম জনতা। কারণ ওই বিরোধীরা অনুপ্রবেশকারীদের উপর ভর করেই নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছেন।