কাজ শুরু দুর্গাঙ্গনের। ২০২৭ সালে সম্পন্ন হবে হিডকোর এই প্রজেক্ট

দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার নিউ টাউনে দুর্গাঙ্গন। প্রায় ২৬২ কোটি টাকার প্রোজেক্ট। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই একের পর এক মন্দির উদ্বোধন করছে তৃণমূল, কটাক্ষ বিরোধীদের।

ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: শুরু হয়ে গেলো দুর্গাঙ্গনের কাজ। গত জুলাই মাসের ২১ তারিখ শহীদ দিবসের মঞ্চ থেকে দুর্গাঙ্গন তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর মন্ত্রিসভার বৈঠক করার পর ১১ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র জমা দেওয়ার কথা ছিল হিডকোর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই দুর্গাঙ্গনের কাজ।

এক সপ্তাহ ধরেই মাটি ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে দুর্গাঙ্গনের জমিতে। দরপত্রে এই গোটা কাজটির সময়সীমাও বলা হয়েছে। যেদিন থেকে কাজ শুরু হয়েছে ঠিক তার দু’বছরের মধ্যে এই কাজ শেষ করবে হিডকো। দরপত্র অনুযায়ী মোট খরচ হবে ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। রাজ্য বিধানসভা নির্বাচনে আর কিছুমাসের অপেক্ষা। এবারের নির্বাচনে গতবারের থেকে বেশি আসন পাওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। যদি বড় কোনো পরিবর্তন না ঘটে তাহলে ২০২৭ সালের সেপ্টেম্বর মাসেই এই দুর্গাঙ্গনের কাজ সম্পন্ন হয়ে যাবে।

নিউটাউনের রামকৃষ্ণ মিশনের জমির একেবারে পাশেই এই দুর্গাঙ্গনের জমিটি। আশেপাশে একাধিক পাঁচতারা হোটেল ও বিভিন্ন অফিস রয়েছে। বিভিন্ন লোকেদের মতে এই জায়গাটি বেছে নেওয়ার ফলে দুর্গাঙ্গনের মাহাত্ম্য কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

এই বছর ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং তার পরই একুশে জুলাই এর মঞ্চ থেকে দুর্গাঙ্গনের ঘোষণা। একদিকে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। তারমধেই একের পর এক মন্দির। ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এইসব করছে তৃণমূল, এমন মন্তব্য বিরোধী শিবিরের।